অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়া বোলিংয়ে বড় সুখবর পেলেন শরিফুল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাকাই টেস্টে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তবে বলহাতে উজ্জ্বল ছিলেন শরিফুল ইসলাম। ইতিহাস গড়া বোলিংয়ে বাংলাদেশকে আশাও দেখিয়েছিলেন তিনি। এবার সেই দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেলেন শরিফুল।

আজ বুধবার (২৬ আগস্ট) পুরুষ ক্রিকেটারদের র‌্যাঙ্কিংয়ের হালনাগাদ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি। সেখানে বড় লাফ দিয়েছেন শরিফুল। উন্নতি হয়েছে মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজদেরও।

ম্যাকাইয়ে ব্যাটাররা যখন ধুঁকছিলেন তখন বলহাতে আলো ছড়ান শরিফুল। অস্ট্রেলিয়ার প্রথমে ইনিংসে স্বাগতিক ব্যাটিং লাইনকে একাই গুড়িয়ে দেন তিনি। ৪৮ রান খরচ করে ৭ উইকেট শিকার করেন তিনি। এছাড়া দেশের বাইরে সব মিলিয়েই বাংলাদেশের সেরা বোলিং এটি।

সেই বোলিংয়ের পুরস্কার হিসেবে ১৭ ধাপ এগিয়েছেন শরিফুল। উঠে এসেছেন ৫৭ নম্বরে। বর্তমানে তার রেটিং পয়েন্ট ৪০৩। দুটিই তার ক্যারিয়ার সেরা রেটিং ও র‍্যাঙ্কিং। এর বাইরে বোলিংয়ে উন্নতি হয়েছে কেবল মিরাজের। এক ধাপ এগিয়ে ২৩ নম্বরে উঠে এসেছেন তিনি।

ডারউইনে উজ্জ্বল পারফরম্যান্স করলেও ম্যাকাইয়ে বলহাতে আলো ছড়াতে পারেননি হাসান মাহমুদ। ফলে ৯ ধাপ পিছিয়ে ৪৭ নম্বরে নেমে গেছেন তিনি। ২ ধাপ পিছিয়ে ৫১ নম্বরে নেমে গেছেন তাসকিন আহমেদ।

ব্যাটারদের মধ্যে কেবল উন্নতি হয়েছে মুশফিকুর রহিমের। ১ ধাপ এগিয়ে ১৭ নম্বরে উঠে এসেছেন তিনি। আর আগের মতোই ২০ নম্বর অবস্থান ধরে রেখেছেন নাজমুল হোসেন শান্ত। অন্যদিকে, টানা তিন ম্যাচে শূন্য রানে ফেরায় ৬ ধাপ পিছিয়ে ৩৪ নম্বরে নেমে গেছেন লিটন দাস। আর ৫ ধাপ পিছিয়ে ৩৬ নম্বরে নেমে গেছে মুমিনুল হক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *