অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মৎস্য খাত : ফজলে হুদা

নওগাঁর বদলগাছীতে ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

আজ রোববার (১৬ আগস্ট) সকাল ১০টায় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয় এবং পরিষদ হলরুমে আলোচনা সভা ও পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি।

আলোচনা সভায় প্রধান অতিথি ফজলে হুদা বলেন, দেশের মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মৎস্য খাত। মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ, জলাশয়ের সঠিক ব্যবহার এবং আধুনিক প্রযুক্তিনির্ভর মাছ চাষে সবাইকে এগিয়ে আসতে হবে।

ফজলে হুদা আরও বলেন, সরকারি খাস পুকুরগুলো প্রভাবশালীরা লিজ নিয়ে চাষ করায় হারিয়ে যাচ্ছে প্রকৃত মৎসজীবীরা। তাদের এই পেশা টিকিয়ে রাখতে আগামী বছর থেকে প্রকৃত মৎসজীবীদের হাতে সরকারি খাস পুকুরগুলো লিজ দেওয়া হবে। দেশীয় মাছ বাঁচাতে কারেন্ট জাল ও অন্যান্য নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধ করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে উপজেলার বিভিন্ন পর্যায়ে মৎস্য চাষি ও সংশ্লিষ্টদের মধ্যে সচেতনতা সৃষ্টি, মাছের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্য খাতের অবদান তুলে ধরতে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ১৬ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত জাতীয় মৎস্য পক্ষ পালন করবে উপজেলা মৎস্য দপ্তর।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান, সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ উদ্দিন, বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ফারুক আহম্মেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রবিউল হাসান, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাহফুজ উল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *