অবশেষে যেখানে মিল হলো অপু-বুবলীর!

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উন্মাদনায় যখন সারা বিশ্বের মতো বাংলাদেশও মেতে উঠেছে, তখন দেশের শোবিজ অঙ্গনের তারকারাও নিজেদের প্রিয় দল নিয়ে সরব। সেই তালিকায় রয়েছেন ঢালিউডের দুই আলোচিত নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী।

ব্যক্তিগত জীবন ও নানা ইস্যুতে প্রায়ই আলোচনায় থাকা এই দুই তারকার মধ্যে মতপার্থক্যের খবর নতুন নয়। তবে বিশ্বকাপ ফুটবল ঘিরে দেখা গেল ভিন্ন চিত্র। প্রিয় দল বেছে নেওয়ার ক্ষেত্রে মিল খুঁজে পাওয়া গেছে তাদের মধ্যে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিশ্বকাপ উপলক্ষে নিজের অবস্থান স্পষ্ট করে ব্রাজিলের প্রতি নিখাদ ভালোবাসার কথা জানান ঢালিউড কুইন অপু বিশ্বাস। তিনি নিজেকে ব্রাজিল দলের কট্টর সমর্থক দাবি করে বলেন, ‘আমি ব্রাজিল দলের কট্টর সমর্থক। আমি মনে করি, যারা নান্দনিক খেলা বোঝে, তারা ব্রাজিল করে। ফুটবল খেলা যে একটা আর্ট, সেটা আমি কেন জানি ব্রাজিলের খেলা দেখলেই মনে হয়।’

তবে অন্যরা যে খেলা একেবারেই বোঝেন না, তা বলতে চাননি এই নায়িকা। অপুর মতে, ব্রাজিলের খেলায় এমন এক ছন্দ আছে যা অন্য কোনো দলে তিনি খুঁজে পান না। প্রিয় দলের প্রতি ভালোবাসার পাশাপাশি আর্জেন্টিনার খুদে জাদুকর লিওনেল মেসির ব্যক্তিত্বেরও প্রশংসা করেছেন অপু। ফুটবলপ্রেমীদের কাছে তাই এই নায়িকার বার্তা, ব্রাজিলের প্রতি ভালোবাসা আর মেসির প্রতি সম্মান।

অন্যদিকে, ঢালিউডের আরেক জনপ্রিয় নায়িকা শবনম বুবলীও সামাজিক মাধ্যমে ব্রাজিলকে সমর্থন জানিয়ে বিশেষ পোস্ট দিয়েছেন। তাতে দেখা যায়, ব্রাজিলের ১০ নম্বর জার্সি পরা একটি পোস্টার শেয়ার করেছেন বুবলী। ছবিটির ক্যাপশনে নিজের অনুভূতি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল’। শুধু প্রিয় দলের প্রতি অকুণ্ঠ সমর্থনই নয়, এই পোস্টের মাধ্যমে নিজের ছোটবেলার ফুটবল আবেগের কথাও স্মরণ করেছেন এই নায়িকা। ব্রাজিলের কিংবদন্তি কয়েকজন ফুটবলারের নামও উল্লেখ করেন পোস্টে।

সাধারণত শাকিব খানের সমীকরণে অপু বিশ্বাস আর শবনম বুবলীকে সবসময় দেখা যায় দুই মেরুতে। ব্যক্তিগত জীবনের নানা টানাপোড়েনে তাদের মধ্যকার বৈরী সম্পর্ক নিয়ে চর্চার শেষ নেই নেট দুনিয়ায়। কিন্তু চলমান ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের প্রশ্নে দুজনই এখন একই দলের জার্সিতে এক কাতারে এসে দাঁড়িয়েছেন। আর তাতেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে আলোচনা।

এসএন/কে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *