ঋতুপর্ণারা সাফে টানা দুই বার চ্যাম্পিয়ন। দক্ষিণ এশিয়ার সেরা জাতীয় দল হয়েও এএফসির ক্লাব প্রতিযোগিতায় তাদের খেলতে হয় বিদেশি ক্লাবের হয়ে। বাংলাদেশের কোনো ক্লাব এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগে গত দুই আসরে অংশগ্রহণ করেনি। আসন্ন প্রতিযোগিতায় অবশ্য বাংলাদেশ নারী ফুটবল লিগের চ্যাম্পিয়ন রাজশাহী স্টারস অংশগ্রহণ করবে।
১৯ মে ছিল এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ক্লাব রেজিস্ট্রেশনের শেষ দিন। ঐ দিনই রাজশাহী স্টারস রেজিস্ট্রেশনের জন্য আবেদন করেছে। কয়েক দিন পর্যালোচনা করে এএফসি এই আবেদন মঞ্জুর করে থাকে। রাজশাহী স্টারস এএফসি চ্যাম্পিয়ন্স লিগে রেজিস্ট্রেশন করায় বাংলাদেশ প্রথমবারের মতো প্রতিনিধিত্ব করছে।
রাজশাহী স্টারস নারী ফুটবলে নবাগত দল। ঋতুপর্ণা, রুপ্না চাকমাসহ একঝাক জাতীয় ফুটবলারদের নিয়ে দল গড়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন হয়ে এএফসি আসরে খেলার সুযোগ পেলেও প্রথমে তারা অস্বীকৃতি জানায়। পুরুষদের এএফসি ক্লাব প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলের পরিবর্তে রানার্স আপ অন্য দল শর্ত পূরণ করলে খেলার সুযোগ থাকলেও নারীদের ক্ষেত্রে তেমনটি নেই। তাই বাফুফে রাজশাহী স্টারকে অনুরোধ করে বিষয়টি পুনঃবিবেচনা করার। শেষ মুহুর্তে তারা খেলার সিদ্ধান্ত নিয়েছেন।
রাজশাহী স্টারসের স্বত্ত্বাধিকারী মোখছেদুল কামাল বাবু বলেন, ‘আমরা বাংলাদেশে খেলতে চাই। বাফুফেকে অনুরোধ করেছি যেন আমরা স্বাগতিক হতে পারি।’ এই বছরের আগস্টে এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগের তৃতীয় আসর শুরু হবে।
এসএন/পিডিকে