ইরানের ওপর অর্থনৈতিক অবরোধ সৃষ্টি ও হুমকি অব্যাহত রেখে মার্কিন যুক্তরাষ্ট্র কোনোভাবেই আলোচনার প্রত্যাশা করতে পারে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। খবর আল জাজিরার।
বুধবার (২১ অক্টোবর) ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক বক্তব্যে পেজেশকিয়ান এ কথা বলেন। মধ্যস্থতার সম্ভাবনা পর্যালোচনায় পাকিস্তানের সেনাপ্রধানের তেহরান সফরের পরদিনই পেজেশকিয়ান এ মন্তব্য করেন।
ইরানি প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রকে অবশ্যই আমাদের জাতির অধিকারকে স্বীকৃতি দিতে হবে এবং তাদের ধমক ও আগ্রাসন বন্ধ করতে হবে। কেবল তখনই আমরা একসঙ্গে বসে আলোচনায় অংশ নিতে পারি।
সব ধরনের পথ অবরুদ্ধ রেখে ও ক্রমাগত হুমকি জারি রেখে আলোচনার দাবি জানানোকে ‘অগ্রহণযোগ্য’ হিসেবে উল্লেখ করেন পেজেশকিয়ান।
বক্তব্যে যুক্তরাষ্ট্রের চুক্তি ভঙ্গ করার অভ্যাসের তীব্র সমালোচনা করে পেজেশকিয়ান বলেন, আমি বিশ্বাস করি, কারো হালকাভাবে কোনো চুক্তিতে সই করা উচিত নয়। তবে কোনো চুক্তি একবার হয়ে গেলে, তা যদি নিজের জন্য অসুবিধাজনকও প্রমাণিত হয়, তবুও শেষ পর্যন্ত সেটি মেনে চলা উচিত।