২০২৬ ফুটবল বিশ্বকাপ মাঠে গড়াতে আর মাত্র পাঁচদিন বাকি। শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে দলগুলো। সেখানেই বড় এক ধাক্কা খেল আর্জেন্টিনা। অনুশীলনে চোট পেয়ে বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন ডিফেন্ডার লিওনার্দো বালের্দি।
ইতালিয়ান বিখ্যাত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো ও আর্জেন্টাইন ফুটবল ভিত্তিক অনলাইন সংবাদ মাধ্যম মুন্দো আলবিসেলেস্তে জানিয়েছে, পেশির চোটে বিশ্বকাপ স্কোয়াড থেকে ছিটকে গেছেন তিনি। তবে তার পরিবর্তে কাকে স্কোয়াডে ডাকা হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি।
জানা গেছে, আজ ভোরে হন্ডুরাসের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে শুক্রবার শেষবারের মতো অনুশীলনে নেমেছিল আর্জেন্টিনা ফুটবল দল। অনুশীলনের সময় পায়ের পেশির চোটে পড়েন মার্সেইয়ের এই ডিফেন্ডার।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস তাদের প্রতিবেদন জানিয়েছে, বালের্দির চোট পরীক্ষা করা হয়েছে। সেখান থেকে নিশ্চিত হওয়া গেছে অন্তত ২১ দিন মাঠের বাইরে থাকতে হবে তাকে।
আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলেছেন ২৭ বছর বয়সী বালের্দি।
ফিফার নিয়ম অনুযায়ী, কোচ লিওনেল স্কালোনিকে বালের্দির পরিবর্তে কাউকে নিতে হলে ফিফার কাছে জমা দেওয়া ৫৫ সদস্যর স্কোয়াড থেকেই নিতে হবে। সেক্ষেত্রে এগিয়ে রয়েছেন মার্কোস সেনেসি।