দেশের ৭৫টি কারাগারে ৭৭ হাজার ৪০ জন বন্দি আটক রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (১৭ জুন) জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের এনসিপি দলীয় সদস্য মো. আবুল হাসনাতের টেবিলে উত্থাপিত এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত ৭ জুন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, দেশের ৭৫টি কারাগারে মোট অনুমোদিত ধারণক্ষমতা ৪৫ হাজার ১৩৬ জন (পুরুষ ৪৩ হাজার ১০৭ এবং মহিলা ২ হাজার ২৯ জন)। এর বিপরীতে বর্তমানে ৭৭ হাজার ৪০ জন (পুরুষ ৭৪ হাজার ৩৬ এবং মহিলা ২ হাজার ৭৭ জন) বন্দি আটক রয়েছে। যা মোট ধারণক্ষমতার ১ দশমিক ৭ গুণ। এ সময় কিছু কিছু কারাগারে আবাসন সমস্যা বিরাজ করছে বলেও জানান তিনি।
বন্দিদের আবাসন সংকট কাটাতে সরকারের নেওয়া পদক্ষেপের কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইতোমধ্যে কেরাণীগঞ্জে বিশেষ কেন্দ্রীয় কারাগার, সিলেট কেন্দ্রীয় কারাগার-২, ফেনী জেলা কারাগার-২ এবং খুলনা জেলা কারাগার-২ চালু করা হয়েছে। এ ছাড়া কিশোরগঞ্জ, মাদারীপুর ও পিরোজপুর জেলা কারাগার-২ শীঘ্রই চালু করা হবে।
তিনি আরও বলেন, ময়মনসিংহ, কুমিল্লা ও জামালপুর কারাগার পুনঃনির্মাণ এবং নরসিংদীতে নতুন কারাগার নির্মাণের কাজ দ্রুতগতিতে চলছে। এই ৪টি কারাগারের কাজ শেষ হলে বন্দি ধারণক্ষমতা আরও ২ হাজার ৯৫৫ জন বৃদ্ধি পাবে এবং মোট ধারণক্ষমতা ৪৮ হাজার ১৩১ জনে উন্নীত হবে।
এ ছাড়া রাজশাহী, রংপুর, নোয়াখালী, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি কারাগার পুনঃনির্মাণে প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে জানান মন্ত্রী।
এসএন/কে