৬১ বছরে চেহারা বদলাতে নতুন চ্যালেঞ্জ আমিরের

প্রতিটি ছবিতে নতুন লুকে দর্শকের সামনে আসেন বলিউড অভিনেতা আমির খান। এই পরিবর্তনের জন্য তাকে বড় ধরনের প্রস্তুতিও নিতে হয়। ফের বড়সড় শারীরিক বদলের প্রস্তুতি নিচ্ছেন অভিনেতা।

আশুতোষ গোয়ারিকরের আগামী ছবি ‘লালকারা’-য় তাকে দেখা যাবে এক ক্রীড়াবিদের চরিত্রে। এই ছবিতে নাকি ২৫ বছর বয়সি এক যুবকের চরিত্রে অভিনয় করবেন তিনি। সেই চরিত্রের জন্য এর মধ্যে ওজন কমানোর বিশেষ প্রস্তুতি শুরু করেছেন অভিনেতা।

বাস্তবে ৬১ বছর বয়স হলেও পর্দায় নিজেকে ২৫ বছরের যুবক হিসাবে তুলে ধরতে মরিয়া তিনি। চরিত্রটিকে পর্দায় বিশ্বাসযোগ্য করে তোলাই তার কাছে বড় চ্যালেঞ্জ।

এর আগেও চরিত্রের জন্য শরীরে বিপুল পরিবর্তন এনেছেন আমির খান। ‘লালকারা’-র ক্ষেত্রেও তার ব্যতিক্রম হচ্ছে না। সূত্রের কথায়, ‘কোনও চরিত্রের জন্য শারীরিক ভাবে নিজেকে বদলাতে আমির সব সময়ই অনেকটা পরিশ্রম করেন। এ বারও চরিত্রটিকে বিশ্বাসযোগ্য করে তুলতে তিনি যথেষ্ট পরিশ্রম করছেন।’

তবে ৬১ বছরের অভিনেতাকে কী ভাবে পর্দায় ২৫ বছরের যুবক হিসাবে তুলে ধরা হবে, সেই বিষয়ে এখনও কোনও তথ্য প্রকাশ্যে আসেনি।

এর আগেও একাধিক ছবির জন্য নিজের চেহারায় বড়সড় পরিবর্তন এনেছেন আমির। ‘দঙ্গল’-এর ক্ষেত্রে প্রথমে মহাবীর সিংহ ফোগটের বয়স্ক চরিত্রের জন্য অনেকটা ওজন বাড়িয়েছিলেন তিনি। পরে ছবির তরুণ বয়সের অংশের শুটিংয়ের জন্য দ্রুত ওজন কমিয়ে ফেলেন।

‘গজনী’-র জন্য তৈরি করেছিলেন পেশিবহুল চেহারা। আবার ‘পিকে’-তে তাকে দেখা গেছে ছিপছিপে গড়নে।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *