৫৬ লাখ টাকার যৌন উত্তেজক সিরাপ ও জর্দা জব্দ

জয়পুরহাটে একটি কুরিয়ার সার্ভিসের গুদামে ৫৬ লাখ টাকার বেশি মূল্যের বিপুল অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও নিষিদ্ধ পদ্মাপুর ব্র্যান্ডের জর্দা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

আজ সোমবার (৪ মে) বিকেলে এক সংবাদ  বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) সহকারী পরিচালক মোহাম্মদ ইমরান হোসেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রোববার রাতে ২০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ লতিফুল বারীর নেতৃত্বে পৌর শহরের নতুনহাট সড়কের জানিয়ার বাগান এলাকায় করতোয়া কুরিয়ার সার্ভিসের গুদামে যৌথ বাহিনীর অভিযান চালানো হয়। অভিযানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক-উর-রহমান ও র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের একটি টহল দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

এতে জানানো হয়, এ সময় ওই কুরিয়ার সার্ভিসের গুদামে তল্লাশি চালিয়ে ৫১টি কার্টুন থেকে ১৫ হাজার ৬৮৬ বোতল অবৈধ যৌন উত্তেজক সিরাপ এবং পাঁচটি বস্তা থেকে সাত হাজার ২০০ পিস নিষিদ্ধ পদ্মাপুর ব্র্যান্ডের জর্দা উদ্ধার করা হয়। উদ্ধার করা এ সিরাপ ও জর্দার সিজার মূল্য ধরা হয়েছে ৫৬ লাখ ৫ হাজার ৫০০ টাকা।

সংবাদ  বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ ব্যাপারে আজ সদর থানায় বিজিবির পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে জব্দ করা যৌন উত্তেজক সিরাপ ও জর্দা জয়পুরহাট-২০ বিজিবির সিজার স্টোরে জমা করা হয়।

পরবর্তী সময়ে আনুষ্ঠানিকভাবে এসব অবৈধ সামগ্রী প্রকাশ্যে জনসমক্ষে ধ্বংস করা হবে বলেও বিজিবির সংবাদ  বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *