৫ম এশিয়ান প্যারা গেমসে খেলতে দেশ ছাড়ল প্যারা আর্চারি দল

জাপানের আইচি-নাগোয়ায় বসতে যাওয়া ৫ম এশিয়ান প্যারা গেমস ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে আজ রোববার (১১ অক্টোবর) জাপানের উদ্দেশ্যে রওনা হয়েছে বাংলাদেশের প্যারা আর্চারি দল। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাল-সবুজের প্রতিনিধিরা জাপানের বিমান ধরেন।

আগামী ১৮ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ার ক্রীড়া অঙ্গনের এই মর্যাদাপূর্ণ আসরে অংশ নেবেন মহাদেশের বিভিন্ন দেশের সেরা সব প্যারা অ্যাথলেটরা। আন্তর্জাতিক এই বড় মঞ্চে দেশের নাম উজ্জ্বল করতে এবং নিজেদের সেরা নৈপুণ্য উজাড় করে দিতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তিন সদস্যের এই বাংলাদেশ দল।

জাপানগামী বাংলাদেশ প্যারা আর্চারি দলের সদস্যরা হলেন— দলের কোচ প্রিন্স মোহাম্মদ সায়েম এবং দুই প্যারা আর্চার ঝুমা আক্তার ও মোঃ আল আমিন হোসেন।

আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় লাল-সবুজের জার্সি গায়ে দুই অ্যাথলেটের সাফল্য নিয়ে আশাবাদী কোচ ও দল সংশ্লিষ্টরা। এশিয়ার সেরা আর্চারদের সঙ্গে লড়াই করে দেশের জন্য সুনাম বয়ে আনাই এখন তাদের প্রধান লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *