দুই কন্যার পর এবার পুত্র সন্তানের বাবা হলেন ঢাকাই সিনেমার অভিনেতা নিরব হোসেন। নতুন অতিথির আগমনে আনন্দে ভাসছে তার পরিবার।
গত সোমবার (২৫ মে) রাজধানীর এভারকেয়ার হাসপাতাল-এ পুত্র সন্তানের জন্ম দেন নিরবের স্ত্রী তাসফিয়া তাহের ঋদ্ধি। মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন বলে জানিয়েছেন অভিনেতা।
এক প্রতিক্রিয়ায় নিরব বলেন, ‘ছেলের আগমনে আমাদের পুরো পরিবার খুব আনন্দিত। বিশেষ করে আমার দুই মেয়ে তো খুশিতে আত্মহারা। ডাক্তার যখন ছেলে হওয়ার খবর দিলেন, তখন যুওয়াইনাহ ও যুওয়াইবাহ আমার সঙ্গেই ছিল। খবর শুনে ওরা আনন্দে নাচানাচি শুরু করে দেয়।’
তিনি আরও জানান, পরিবারের অন্য সদস্যরাও বেশ উচ্ছ্বসিত। স্ত্রী থেকে শুরু করে শ্বশুর-শাশুড়ি—সবার মাঝেই এখন উৎসবের আবহ।
নিরব বলেন, ‘আমি নিজেও ভীষণ খুশি। ছেলের জন্য ইতিমধ্যে পাঞ্জাবিও কিনে ফেলেছি।’
এর আগে দুই কন্যাসন্তানের বাবা ছিলেন এই অভিনেতা। বড় মেয়ের নাম যুওয়াইনাহ এবং ছোট মেয়ের নাম যুওয়াইবাহ। এবার পুত্র সন্তানের আগমনে তাদের পরিবারে যোগ হলো নতুন আনন্দ।
উল্লেখ্য, ২০১৪ সালে তাসফিয়া তাহের ঋদ্ধির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন নিরব।