১৭ বছর পর রেকর্ড গড়লেন তাসকিন

আগের দিন হতাশা নিয়ে শেষ করতে হয়েছিল বাংলাদেশ। লক্ষ্য ছিল তৃতীয় দিন সকালে নতুন বলে ভালো কিছু করার। সেখানেও শুরুর কয়েকটা ওভার নিজেদের করে নিল পাকিস্তান। এরপরই এলো সেই মাদেন্দ্রক্ষণ বাংলাদেশকে উইকেট এনে দিলেন তাসকিন আহমেদ। সেই সঙ্গে নাম লেখালেন একটি রেকর্ডেও।

আজ রোববার (১০ মে) মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় দিনের অষ্টম ওভারে পাকিস্তানের সেঞ্চুরিয়ান আজান আওয়াইসকে নাজমুল হোসেন শান্তর ক্যাচ বানিয়ে ফেরত পাঠান তাসকিন। তাকে ফিরিয়ে টেস্ট ক্যারিয়ারে উইকেটের হাফসেঞ্চুরি পূরণ করেন এই টাইগার পেসার।

টেস্ট ক্রিকেটের হিসেবে এই রেকর্ড হয়তো খুব বড় কিছু নয়। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে এটিই জায়গা করে নিয়েছে অনন্য উচ্চতায়। কারণ তাসকিন বাদে টেস্টে ৫০ উইকেট আছে আর মাত্র দুজন পেসারের। এরপর গত ১৭ বছরে এই তালিকায় নাম খেলাতে পারেননি আর কোনো বোলার।

তাসকিনের আগে বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে ৫০ উইকেট আছে সাবেক দুই পেসার মাশরাফী বিন মোর্ত্তজা আর শাহাদাত হোসেনের। সর্বশেষ পেসার হিসেবে ২০০৯ সালে এই মাইলফলক ছুঁয়েছিলেন শাহাদাত।

তাসকিন নাম লিখিয়েছেন আরও একটি মাইলফলকে। এই তিন পেসারের মধ্যে দ্রুততম ৫০ উইকেট শিকার করলেন তাসকিন। টেস্টে ৫০ উইকেট পেতে মাশরাফীর লেগেছিল ১৯ টেস্ট আর শাহাদাতের ২১টি। তাসকিন সেই মাইলফলক স্পর্শ করলেন ১৮ টেস্টেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *