লেবাননের দক্ষিণাঞ্চলে স্থল অভিযান চালাতে গিয়ে তীব্র প্রতিরোধের মুখে পড়ছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর আত্মঘাতী ড্রোন হামলায় আরও পাঁচজন ইসরায়েলি সেনা আহত হয়েছেন। আজ শুক্রবার (১৯ জুন) ইসরায়েলি সামরিক বাহিনীর বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এই তথ্য নিশ্চিত করেছে।
এর আগে দক্ষিণ লেবাননের সম্মুখ সমরে চার ইসরায়েলি সেনা নিহত হওয়ার খবর নিশ্চিত করেছিল আইডিএফ। খবর আলজাজিরার।
ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, গত রাতে দক্ষিণ লেবাননে অবস্থানরত সেনাবহরের ওপর হিজবুল্লাহর একটি ‘বিস্ফোরক ড্রোন’ এসে আঘাত হানে। ড্রোনটি নিখুঁতভাবে সেনাদলের ওপর বিস্ফোরিত হলে পাঁচ সেনা সদস্য আহত হন। যাদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। আহতদের সবাইকে উদ্ধার করে হেলিকপ্টারযোগে ইসরায়েলের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এই ড্রোন হামলার কয়েক ঘণ্টা আগেই আইডিএফ আনুষ্ঠানিকভাবে জানিয়েছিল, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে সরাসরি সশস্ত্র যুদ্ধে তাদের চারজন সেনা নিহত হয়েছেন। ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে পরপর দুটি ঘটনায় ৪ সেনা নিহত ও উপ-কমান্ডারসহ আরও ১২ সেনার আহত হওয়ার বিষয়টি ইসরায়েলি সামরিক কমান্ডকে বেশ বেকায়দায় ফেলেছে।
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত সাম্প্রতিক শান্তি চুক্তিতে লেবাননে সব ধরনের বৈরিতা ও হামলা বন্ধের আহ্বান জানানো হলেও, বাস্তবে যুদ্ধক্ষেত্রে এর কোনো প্রভাব দেখা যাচ্ছে না। ইসরায়েল দক্ষিণ লেবাননে স্থল অভিযান ও বিমান হামলা অব্যাহত রেখেছে। হিজবুল্লাহও ড্রোন ও রকেট ছুড়ে আইডিএফের ওপর পাল্টা চোরাগোপ্তা হামলা জোরদার করেছে।