ইরান ও পশ্চিমা বিশ্বের উত্তেজনার কেন্দ্রে থাকা হরমুজ প্রণালি দিয়ে একটি চীনা অপরিশোধিত তেলবাহী সুপার ট্যাঙ্কার পার হওয়ার খবর পাওয়া গেছে। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ও বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘ইউয়ান হুয়া হু’ নামের এই বিশাল জাহাজটি পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে বের হয়ে সমুদ্রের দিকে যাত্রা করছে। খবর আল জাজিরার।
জাহাজ ট্র্যাকিং ডেটা বা জাহাজ চলাচলের তথ্য অনুযায়ী, আজ বুধবার (১৩ মে) সকালে এই সুপার ট্যাঙ্কারটি উত্তপ্ত ও অস্থিতিশীল এই জলপথ দিয়ে চলাচল করতে দেখা গেছে। প্রতিবেদনগুলোতে জানানো হয়েছে, জাহাজটি হরমুজ প্রণালি থেকে দক্ষিণ দিকে অগ্রসর হওয়ার সময় প্রণালির পূর্ব পাশে অবস্থিত ইরানের লার্ক দ্বীপ অতিক্রম করেছে।
হরমুজ প্রণালি দিয়ে কোনো চীনা সুপার ট্যাঙ্কারের এই ধরনের চলাচল বেশ বিরল বলে মনে করা হচ্ছে। ওমান ও সংযুক্ত আরব আমিরাতের উপকূল ঘেঁষা এই গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথটি বিশ্বব্যাপী জ্বালানি তেল সরবরাহের অন্যতম প্রধান ধমনী হিসেবে পরিচিত।