হত্যাচেষ্টা মামলায় দীপংকর তালুকদারের জামিন বহাল

ভাটারা থানার হত্যাচেষ্টা মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। বৃহস্পতিবার (১ অক্টোবর) চেম্বার বিচারপতি মো. রেজাউল হক ‘নো অর্ডার’ আদেশ দেন।

এরআগে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করেন।

জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি রাজধানীর সোবহানবাগ এলাকা থেকে দীপংকর তালুকদারকে গ্রেপ্তার করা হয়। এরপর বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে রিমান্ডেও নেওয়া হয়। বর্তমানে তিনি কারাগারে আছেন। পরে পাঁচ মামলায় জামিন পাওয়ার পর নতুন করে গত মে মাসে পল্টন মডেল, বংশাল ও ভাটারা থানার পৃথক তিনটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ।

পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) বিমান তরফদার, বংশাল থানার কর্মকর্তা এ কে এম মাহফুজুল হক এবং ভাটারা থানার এসআই জ্যোতির্ময় মণ্ডল এ আবেদন করেন।

ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার ও মোহাম্মদ এহসানুল ইসলাম তাকে এই তিন মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

পরে পল্টন মডেল, বংশাল ও ভাটারা থানার পৃথক তিনটি হত্যাচেষ্টা মামলায় আবেদনের পর ২০ সেপ্টেম্বর জামিন দেন হাইকোর্ট।

এরপর শুধু ভাটারা থানার মামলায় জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *