স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে আপসের সুযোগ নেই: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশ আমাদের সবার। দেশের এক ইঞ্চি জমিও কাউকে দখল করতে দেওয়া হবে না। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপসের সুযোগ নেই।

শুক্রবার (৩ জুলাই) নেত্রকোনা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোনা জেলা শাখার আমির মাওলানা ছাদেক আহমাদ হারিছ।

ডা. শফিকুর রহমান বলেন, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব। তিনি বলেন, এ দেশ আমার, এ দেশ আমাদের সবার। তাই দেশের স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

মাদকের প্রসঙ্গ তুলে তিনি বলেন, শুধু মাদকসেবী নয়, যারা মাদককে লালন-পালন ও পৃষ্ঠপোষকতা করে, তারা সমাজের আরও বড় ক্ষতি করছে। মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

উন্নয়ন কর্মকাণ্ডের সমালোচনা করে জামায়াতের আমির বলেন, আমাদের দেশের উন্নয়ন কাজ বছরের প্রথম নয় মাস গুইসাপের গতিতে চলে, আর শেষ তিন মাস রকেটের গতিতে চলে।

তিনি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সারা বছর সমান গতিতে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভায় জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, জামায়াতে ইসলামীর জেলা নেতৃবৃন্দ এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *