স্পেনকে রুখে দিয়ে বিরতিতে গেল কেপ ভার্দে

এবারের বিশ্বকাপের অন্যতম শক্তিশালী দল স্পেন। তারকায় ভরা তাদের স্কোয়াড। অনেকেরই ধারণা ছিল, এই দলের কাছে কোনো পাত্তাই পাবে না বিশ্বকাপের নবাগত কেপ ভার্দে। কিনউত প্রথমার্ধের ফলাফল পুরোপুরি উল্টো। দারুণ সব সেভ করে প্রথমার্ধে স্পেনকে রুখে দিয়েছেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা।

আজ সোমবার (১৫ জুন) বাংলাদেশ সময় রাত ১০টায় ‘এইচ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছে স্পেন আর কেপ ভার্দে। গোলশূন্য সমতায় প্রথমার্ধ শেষ করেছে দুই দল।

ম্যাচের ১৫তম মিনিটে গোলের জন্য প্রথম শট নেয় স্পেন। বক্সের বাইরে থেকে জোড়ালো শট নিয়েছিলেন পেদ্রি। তবে সেটি আটকে দেন কেপ ভার্দের গোলরক্ষক ।

শেষদিকে একের পর এক আক্রমণ হানে স্পেন। কিন্তু কেপ ভার্দের ডিফেন্স আর গোলরক্ষক যেনো চীনের প্রাচীর হয়ে দাঁড়ান।

ম্যাচের ৩৮তম মিনিটে গোলের জন্য সবচেয়ে সেরা সুযোগ তৈরি করেছিল স্পেন। ডানপ্রান্ত থেকে কুকুরেলার হেড পাস থেকে ফেরান তোরেসের নেওয়া শট আটকে যায় গোলবারে। ফিরতি বলে আবারও হেড নেন মিকেল ওয়ারজাবাল। কিন্তু এবার দারুণ ফিঙ্গারটিপস সেভ দিয়ে দলকে বাঁচান গোলরক্ষক।

ম্যাচের ৪০তম মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে সুযোগ তৈরি করেছিল কেপ ভার্দে। তবে নিজেদের মধ্যে বল দেওয়া-নেওয়া করতে করতে দেরি করে ফেলে। ততক্ষণে নিজেদের গুছিয়ে নেয় স্পেনের ডিফেন্স।

ম্যাচের ৪৩তম মিনিটে আবারও কেপ ভার্দেকে রক্ষা করেন গোলরক্ষক। পেদ্রির ডিফেন্স চেরা শট দারুণভাবে আটকে দেন তিনি। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে নিশ্চিত গোল আটকে দিয়ে আরও একবার স্পেনকে হতাশ করেন ভোজিনহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *