স্ত্রীর সামনে স্বামীকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

মেহেরপুর শহরের শেখপাড়ায় পরকীয়া সম্পর্কের জেরে স্ত্রীর সামনেই গোলাম হোসেন (৪৫) নামের এক রিকশাচালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় নিজ বাড়িতে ঘটে যাওয়া এই হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত খালাতো ভাই কালু ও তার কথিত প্রেমিকা বন্যাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত গোলাম হোসেন শেখপাড়া এলাকার রিয়াসিন আলীর ছেলে। তার পরিবারে দুটি কন্যাসন্তান রয়েছে। অভিযুক্ত কালু নিহতের আপন খালাতো ভাই এবং একই এলাকার আকবর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবেশী বন্যার সঙ্গে কালুর পরকীয়া সম্পর্ক নিয়ে এলাকায় দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। এ নিয়ে গত রোববার গোলাম হোসেনের সঙ্গে কালুর বাগবিতণ্ডা ও মারধরের ঘটনা ঘটে। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করা হলেও কালু মনে ক্ষোভ পুষে রাখেন। 

নিহতের স্ত্রী আলেয়া খাতুন জানান, মঙ্গলবার সন্ধ্যায় গোলাম হোসেন কাজ শেষে বাড়িতে ফিরে গোসল করার সময় কালু হঠাৎ পেছন থেকে এসে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ডা. জামিনুর রহমান খান জানান, হত্যাকাণ্ডের পর অভিযুক্তরা আত্মগোপনে চলে যান। পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে ঢাকা পালানোর সময় গাংনী থেকে বন্যাকে এবং বুধবার ভোরে সদর উপজেলার কুলবাড়িয়া এলাকা থেকে মূল অভিযুক্ত কালুকে গ্রেপ্তার করে। পরে কালুর দেওয়া তথ্যে তার বাড়ি থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্রটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী আলেয়া খাতুন বাদী হয়ে মঙ্গলবার রাতেই মেহেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *