স্ত্রীকে হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

‎‎ফরিদপুরে স্ত্রী হ্যাপি বেগমকে হত্যার দায়ে স্বামী রাকিব হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

‎আজ রোববার (৩০ আগস্ট) দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামিমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি রাকিব হোসেন আদালতে উপস্থিত ছিলেন।

‎আদালত সূত্রে জানা যায়, নিহত হ্যাপি বেগমের স্বামী রাকিব হোসেন যৌতুকের জন্য তাকে প্রায়ই চাপ দিতেন। একপর্যায়ে তিনি হ্যাপির পরিবারের কাছে পাঁচ লাখ টাকা নগদ ও একটি মোটরসাইকেল যৌতুক হিসেবে দাবি করেন। যৌতুকের টাকা ও মোটরসাইকেল দিতে না পারায় হ্যাপির ওপর অমানুষিক নির্যাতন চালানো হয়। পরে তাকে ২০১৫ সালের ৫ মে হত্যা করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়।

‎‎হত্যাকাণ্ডের খবর পেয়ে নিহত হ্যাপির বাবা হুমায়ুন শেখ মেয়ের স্বামীর বাড়িতে গিয়ে সদর উপজেলার দুর্গাপুর গ্রামের বাড়ির বারান্দায় হ্যাপির মরদেহ দেখতে পান। পরে ওই দিনই তিনি বাদী হয়ে রাকিব হোসেনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন।

‎দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল রাকিব হোসেনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন।

‎‎রায় ঘোষণার পর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী খান রতন বলেন, ‘আদালতের ঘোষিত রায়ে আমরা সন্তুষ্ট। এ ধরনের দৃষ্টান্তমূলক রায়ের ফলে ভবিষ্যতে সমাজে নারী ও শিশুদের ওপর নির্যাতন কমে আসবে বলে আমরা আশা করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *