গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ। অপেক্ষা ছিল, প্রতিপক্ষ কারা হবে সেটি দেখার। এবার সেটিও চূড়ান্ত হয়েছে গেছে। ফাইনালে যাওয়ার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর) ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে নেপালকে পাত্তাই দেয়নি পাকিস্তান। নেপাল অনূর্ধ্ব-১৯ দলকে ১০১ রানের বড় ব্যবধানে হারিয়ে গ্রুপসেরা হয়ে সেমিফাইনালে পা রাখল তারা।
এর আগে গত সোমবার মালয়েশিয়াকে উড়িয়ে দিয়ে ‘বি’ গ্রুপের রানার্স-আপ হিসেবে আগেই শেষ চার নিশ্চিত করে রেখেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। ফলে নিয়ম অনুযায়ী, সেমিফাইনালে পাকিস্তানের কঠিন চ্যালেঞ্জের সামনে পড়তে হচ্ছে বাংলাদেশকে।
এদিকে, মঙ্গলবারের অন্য ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৭০ রানে হারিয়ে ‘এ’ গ্রুপের রানার্স-আপ হয়েছে ভারত। আগামী বৃহস্পতিবার বাংলাদেশ সময় বেলা ১১টায় ওমানের মাঠে একই সময়ে শুরু হবে দুটি সেমিফাইনাল ম্যাচ।