সেঞ্চুরির সামনে দাঁড়িয়ে স্কালোনি

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের ইতিহাসে সবচেয়ে সফল কোচদের একজন হিসেবে ইতোমধ্যেই নিজের নাম লিখিয়েছেন লিওনেল স্কালোনি। কেপ ভার্দের বিপক্ষে শনিবার ভোরে বিশ্বকাপের নকআউট পর্বের ম্যাচে মাঠে নামলেই আর্জেন্টিনার কোচ হিসেবে এটি হবে তার শততম ম্যাচ।

স্কালোনির সময়ে আর্জেন্টিনা এ পর্যন্ত ৯৯ ম্যাচে জিতেছে ৭২টি ম্যাচ। ড্র হয়েছে ১৮টি এবং হার মাত্র ৯টিতে। তার জয়ের হার ৭২ দশমিক ৭ শতাংশ। এই সময়ে আর্জেন্টিনা প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছে ২০৬ বার, বিপরীতে গোল হজম করেছে মাত্র ৫০টি।

শুধু পরিসংখ্যান নয়, স্কালোনির সাফল্যের আসল পরিচয় ট্রফির মঞ্চে। তার অধীনেই দীর্ঘ ২৮ বছরের শিরোপাখরা কাটিয়ে ২০২১ সালে কোপা আমেরিকা জেতে আর্জেন্টিনা। এরপর ২০২২ সালে ইউরোপ চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে জিতে ফিনালিসিমা। একই বছর কাতার বিশ্বকাপে তৃতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় আলবিসেলেস্তেরা।

২০২৪ সালে আবারও কোপা আমেরিকার শিরোপা জিতে নিজের সাফল্যের মুকুটে আরও একটি পালক যোগ করেন এই কোচ।

২০১৮ বিশ্বকাপে হতাশাজনক বিদায়ের পর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন স্কালোনি। তখন খুব কম মানুষই বিশ্বাস করেছিলেন, তার হাত ধরেই আর্জেন্টিনা বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি হিসেবে ফিরে আসবে। পরে স্থায়ী কোচ হিসেবে নিয়োগ পাওয়ার পর তিনি শুধু দলের কৌশলই বদলাননি, বদলে দিয়েছেন পুরো দলের মানসিকতাও।

স্কালোনির নেতৃত্বে আর্জেন্টিনা ধারাবাহিকতা, শৃঙ্খলা ও দলগত ফুটবলের এক অনন্য উদাহরণ তৈরি করেছে। তরুণ ও অভিজ্ঞ ফুটবলারদের সমন্বয়ে তিনি এমন একটি দল গড়ে তুলেছেন, যারা বড় মঞ্চে চাপ সামলাতে জানে এবং শিরোপা জয়ের মানসিকতা ধারণ করে।

আর্জেন্টাইন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই স্কালোনির সঙ্গে নতুন চুক্তির বিষয়ে আলোচনা চলছে। সবকিছু ঠিক থাকলে ২০৩০ সাল পর্যন্ত জাতীয় দলের দায়িত্বে থাকতে পারেন এই কোচ!

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *