২০০২ বিশ্বকাপের সেই উদ্বোধনী ম্যাচের স্মৃতি এখনো ফুটবলপ্রেমীদের মনে টাটকা। নবাগত সেনেগালের কাছে সেবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের ১-০ গোলের হার ছিল বিশ্বকাপের ইতিহাসের অন্যতম বড় অঘটন।
দীর্ঘ ২৪ বছর পর বিশ্বমঞ্চে আবারও মুখোমুখি হতে যাচ্ছে এই দুই দল। ২০২৬ ফিফা বিশ্বকাপের ‘আই’ গ্রুপের হাইভোল্টেজ এই ম্যাচটি নিয়ে ফুটবল দুনিয়ায় শুরু হয়ে গেছে নানা বিশ্লেষণ। আর এর মধ্যেই ম্যাচটি নিয়ে নিজেদের ভবিষ্যদ্বাণী জানিয়েছে অপ্টার সুপারকম্পিউটার।
আজ বুধবার (১৭ জুন) রাত ১টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে ফরাসি পরাশক্তি ‘লে ব্লুজ’ এবং আফ্রিকার সিংহ ‘তেরাঙ্গা লায়নস’।
১০ হাজার বার সিমুলেশন চালানেরা পর অপ্টার সুপারকম্পিউটার বলছে, এই ম্যাচে ফ্রান্সের জয়ের সম্ভাবনা ৬৫ শতাংশ। বিপরীতে, সেনেগালের জয়ের সম্ভাবনা মোটে ১৫ শতাংশ। আর ম্যাচটি ড্র হওয়ার সম্ভাবনা ২০ শতাংশ।
কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডাটা অ্যানালিসিসের মতে, মাঠের লড়াইয়ে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স এগিয়ে থাকলেও সেনেগালকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে দলের কোচ দিদিয়ের দেশম জানিয়েছেন, ২০০২ সালের সেই হারের প্রতিশোধ নেওয়ার মতো কোনো ভাবনা তাদের মাথায় নেই। তারা স্বাভাবিক ফুটবলটাই খেলতে চান।
তবে কিলিয়ান এমবাপ্পের নেতৃত্বাধীন দলটির মূল লক্ষ্য থাকবে গ্রুপ পর্বের শুরুতেই পূর্ণ পয়েন্ট তুলে নেওয়া।