মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত অন্তর্বর্তীকালীন চুক্তির শর্ত ও প্রতিশ্রুতি পূরণে ওয়াশিংটনকে চাপ দিতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। ইরানি গণমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্রের বাধ্যবাধকতা ও প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি জানাতেই সফরে যাচ্ছে তারা। খবর আল জাজিরার।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন, সুইজারল্যান্ডে আমরা তাদেরকে (যুক্তরাষ্ট্রকে) প্রতিশ্রুতি পূরণের জন্য চাপ দেব এবং তারা তাদের বাধ্যবাধকতা পূরণে কীভাবে কাজ করবে তা স্পষ্ট করব।
মেহর নিউজ এজেন্সি তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, সুইজারল্যান্ডের উদ্দেশে রওনা দেওয়ার জন্য ইরানের এই প্রতিনিধিদলটি সম্পূর্ণ প্রস্তুত ও কয়েক মিনিটের মধ্যেই তারা দেশটির উদ্দেশে যাত্রা করবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুঁশিয়ারি দিয়ে বলেছেন, চুক্তি অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র যদি তাদের দেওয়া প্রতিশ্রুতি ও শর্তাবলি বাস্তবায়ন করতে অস্বীকার করে, তবে ইরানও বসে থাকবে না, নিজেদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পাল্টা ব্যবস্থা নেবে।