সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনের মরদেহ উদ্ধার

সিলেট মহানগরের রায়নগর আবাসিক এলাকার একটি বাসা থেকে স্বামী, স্ত্রী ও তাদের গৃহপরিচারিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (১২ আগস্ট) সকালে রায়নগরের ‘মিতালী-১১১’ নম্বর বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।  

নিহতরা হলেন- ওই বাসার বাসিন্দা ও সিলেট চেম্বার অব কমার্সের সদস্য ব্যবসায়ী আব্দুস সত্তার মিয়া (৯০), তার স্ত্রী সুরাইয়া বেগম (৭৫) ও তাদের ২৫ বছর বয়সী গৃহপরিচারিকা। নিহত দম্পতির চার সন্তানের মধ্যে দুই সন্তান যুক্তরাজ্যে এবং দুই সন্তান যুক্তরাষ্ট্রে বসবাস করেন বলে জানা গেছে।

নিহত দম্পতির ভাগনে মুন্না মিয়া বলেন, বাসায় তার মামা-মামি ও কাজের মেয়েটিই কেবল থাকতেন। সকাল ৯টার দিকেও স্বজনদের সঙ্গে তাদের কথা হয়েছিল। ফলে ধারণা করা হচ্ছে, সকাল ৯টার পরই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মঈনুল জাকির বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। প্রাথমিক আলামত দেখে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। পুলিশ মরদেহ উদ্ধারের পাশাপাশি ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মঞ্জুরুল আলম বলেন, ঠিক কীভাবে ঘটনাটি ঘটেছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত সাপেক্ষে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *