দেশের ২৩তম রাষ্ট্রপতি কে হচ্ছেন— এই প্রশ্নের উত্তর জানতে উদগ্রীব দেশবাসী। রাজনৈতিক দলগুলোর ভেতরে-বাইরেও চলছে নানা আলোচনা। এরইমধ্যে আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিএনপির সিনিয়র নেতাদের সচিবালয়ে ডেকেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখান থেকেই রাষ্ট্রপতি নির্বাচনে দলটির চূড়ান্ত প্রার্থীর নাম ইসিতে পাঠাবে বিএনপি।
জানা যায়, রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামই চূড়ান্ত। তবে বিএনপির কৌশলগত নীরবতায় কেউ কেউ শেষ মুহূর্তে চমকের অপেক্ষায় রয়েছেন। এরইমধ্যে বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এদিকে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। ফলে শেষ দিনেই বিএনপির প্রার্থী চূড়ান্ত করে মনোনয়নপত্র জমার প্রস্তুতি নেওয়া হয়েছে। দুপুরের মধ্যেই দলীয় প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করবে বিএনপি।
অপরদিকে এই নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী ঘোষণা করেছে। তার পক্ষে আজ মনোনয়নপত্র দাখিল করবেন জোট নেতারা।
প্রার্থিতা যাচাই-বাছাই শেষে ২০ আগস্ট জাতীয় সংসদের অধিবেশনকক্ষে বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতাসহ ৩৪৯ জন সংসদ-সদস্য ভোট দেবেন।
তবে রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ অনুযায়ী দলের বাইরে অন্য প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ নেই সংসদ-সদস্যদের। সে হিসেবে সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকায় বিএনপির প্রার্থীকে রাষ্ট্রপতি ঘোষণার ক্ষেত্রে স্রেফ আনুষ্ঠানিকতা বাকি।
জানা গেছে, রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে মনোনয়নের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। এর আগে রাষ্ট্রপতি পদে প্রার্থী ঠিক করতে ১ আগস্ট স্থায়ী কমিটির সদস্যরা দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর ওপর ভার দেন। পরবর্তী সময়ে স্থায়ী কমিটির সিনিয়র চারজন সদস্যসহ সরকারের কয়েকজন আমলাকে ঘিরে নানা আলোচনা ও গুঞ্জন ওঠে। তবে শেষ পর্যন্ত নানা সমীকরণে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ওপরই আস্থা রাখতে যাচ্ছে বিএনপি।
এদিকে আজ সকালে দলের সিনিয়র নেতাদের ডেকেছেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র দাখিলের আগ মুহূর্তে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে দলীয় প্রধানের বৈঠকের বিষয়বস্তু কী, সে সম্পর্কে সুনির্দিষ্ট করে কিছু জানা যায়নি। তবে নিয়ম অনুযায়ী, এখন মনোনীত প্রার্থীর পক্ষে প্রস্তাবক ও সমর্থক লাগবে। দলের চেয়ারম্যান সম্ভবত সে কাজটি সম্পন্ন করতে বৈঠকে স্থায়ী কমিটির নেতাদের পরামর্শ নেবেন।