সালমানের পাঠানো আইনি নোটিস ছিঁড়ে ফেললেন প্রযোজক

মুক্তির আগেই বিতর্কের কেন্দ্রে চলে এসেছে ‘কালা হিরণ: দ্য ব্যাটল ফর লেগ্যাসি’।  বলিউড ভাইজান সালমান খানের বহুল আলোচিত কৃষ্ণসার হরিণ শিকার মামলাকে ঘিরে নির্মিত এই সিনেমাকে কেন্দ্র করে ইতোমধ্যেই আইনি টানাপোড়েন শুরু হয়েছে। এবার সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করলেন সিনেমার প্রযোজক অমিত জানি। তার দাবি, ছবি নিয়ে প্রকাশ্যে আসার পর থেকে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক কুরুচিকর বার্তা এবং প্রাণনাশের হুমকি পাচ্ছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিও বার্তায় অমিত জানান, গত কয়েক দিনে তার কাছে শত শত বার্তা এসেছে, যার অনেকগুলোতেই ব্যক্তিগত আক্রমণ এবং হুমকির ভাষা ব্যবহার করা হয়েছে। তার অভিযোগ, কিছু ব্যক্তি ছবির বিরোধিতা করতে গিয়ে সীমা ছাড়িয়ে গিয়েছেন।

অমিতের কথায়, ‘আমার কাছে অসংখ্য বার্তা এসেছে। কেউ গালিগালাজ করছে, কেউ আবার মুম্বাইয়ে গেলে ক্ষতির হুমকি দিচ্ছে। এমন পরিস্থিতিতে আমি কার উত্তর দেব- আইনি নোটিসের, নাকি এই সব হুমকির?’

ভিডিওতে তিনি সালমান খানের পক্ষ থেকে পাঠানো বলে দাবি করা একটি আইনি নোটিস ছিঁড়ে ফেলেন। এরপর আরও অভিযোগ করে বলেন, ছবির সঙ্গে যুক্ত ব্যক্তিদের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা চলছে। তার দাবি, কিছু মহল ছবির প্রচার এবং নির্মাণ প্রক্রিয়া বন্ধ করতে চাইছে।

প্রসঙ্গত, ১৯৯৮ সালে সালমান খানের কৃষ্ণসার হরিণ শিকারের বিতর্কিত ঘটনা এবং গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে তার চলমান দ্বন্দ্বের প্রেক্ষাপট নিয়ে তৈরি হচ্ছে ‘কালা হিরাণ’ সিনেমাটি। পাশাপাশি সিনেমাতে অভিনেতা সালমান খান এবং গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইকে ঘিরে দীর্ঘদিনের বিতর্কও উঠে আসবে বলে জানা গেছে। সম্প্রতি মুক্তি পাওয়া পোস্টারগুলোর একটিতে এমন এক চরিত্রকে দেখা যায়, যার হাতে বন্দুক এবং হাতে থাকা ব্রেসলেটটি সালমান খানের পরিচিত স্টাইলের সঙ্গে মিল রয়েছে বলে অনেকের দাবি।

এই সিনেমার খবর প্রকাশ্যে আসার পরই আপত্তি জানায় সালমান খান ও তার সহযোগী দল। তারা প্রযোজক অমিত জানিকে আইনি নোটিশপাঠিয়ে সিনেমাটির কাজ বন্ধ করার নির্দেশ দেন এবং সালমানের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানান। এই সিনেমার শুটিং ইতোমধ্যে ভারতের বিভিন্ন শহরে করা হয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *