সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুদকের চার্জশিট

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পেতে ব্যক্তিগত বৃত্তান্তে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ রোববার (১৮ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয়ে এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে কমিশনের সচিব মো. সাইদুর রহমান খান এ তথ্য জানান।

দুদকের তদন্তে বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ লাভের উদ্দেশ্যে সায়মা ওয়াজেদ সংস্থাটিতে দাখিল করা ব্যক্তিগত বৃত্তান্ত সাবেক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতাল (বিএসএমএমইউ) বর্তমান বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ‘সম্মানিত বিশেষজ্ঞ’ হিসেবে কাজ করার মিথ্যা ও বানোয়াট তথ্য দেন।

তদন্তে আরও বলা হয়েছে, সায়মা ওয়াজেদ ন্যাশনাল অ্যাডভাইজরি কমিটি অন অটিজম অ্যান্ড নিউরোডেভেলপমেন্টাল ডিজঅর্ডার এবং সূচনা ফাউন্ডেশনের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালনকালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ লাভের জন্য ওই তথ্য ব্যবহার করেন।

তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্রয়োজনীয় যাচাই-বাছাইয়ের সুযোগ না দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট নথি পাঠানোর জন্য চাপ প্রয়োগ করা হয়। পরে বাংলাদেশের স্থায়ী মিশন, জাতিসংঘের কার্যালয় ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থা, জেনেভার মাধ্যমে ব্যক্তিগত বৃত্তান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তরে পাঠানো হয়। ওই তথ্য ব্যবহার করে তিনি সংস্থাটির দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ লাভ করেন বলে তদন্তে উল্লেখ করা হয়েছে।

দুদকের তদন্তে এসব কর্মকাণ্ডকে ক্ষমতার অপব্যবহার, রাষ্ট্রীয় সুনাম ক্ষুণ্নকরণ ও অপরাধমূলক অসদাচরণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় দুদকের ঢাকা-১ সমন্বিত জেলা কার্যালয়ে গত বছরের ২০ মার্চ মামলা দায়ের করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের প্রধান কার্যালয়ের মানিলন্ডারিং-১ শাখার উপপরিচালক তাহাসিন মুনাবীল হক।

মামলায় দণ্ডবিধির ৪২০, ৪৬৮ ও ৪৭১ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে। তদন্ত প্রতিবেদনে দণ্ডবিধির ৪০৯ ধারার কথাও উল্লেখ করা হয়েছে।

তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় চার্জশিট দাখিল করেছে দুদক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *