সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন আরেক মামলায় রিমান্ডে

রাজধানীর মিরপুর মডেল থানায় দায়ের করা বিপ্লব শেখ (১৯) হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে তিন দিন রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার (৪ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াস এ আদেশ দেন।

এদিন ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. হাবিব উল্ল্যাহ পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন।

নথি থেকে থেকে জানা গেছে, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে মিরপুর-১০ নম্বর আজমল হাসপাতালের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ ছাত্র-জনতার সঙ্গে একাত্মতা পোষণ করে মিছিলে অংশ নেন ভুক্তভোগী বিপ্লব শেখ। ঘটনার সময় এজাহারনামীয় ১নং আসামিসহ মাসুদ উদ্দিন চৌধুরীর পরোক্ষ নির্দেশে একদল সশস্ত্র সন্ত্রাসী আন্দোলন দমনের লক্ষ্যে মিছিলে এলোপাতাড়ি গুলি ছুড়ে। ​এতে বিপ্লব শেখের গলায় ও কোমরে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ওই দিন রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় গত বছরের ১ জুলাই মিরপুর মডেল থানায় নিহতের বাবা পারভেজ শেখ একটি হত্যা মামলা করেন।

গত ২৩ মার্চ মাসুদ উদ্দিনকে রাজধানীর বারিধারা থেকে গ্রেপ্তার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *