সাদিক কায়েমকে মেয়রপ্রার্থী ঘোষণা নিয়ে যা জানালো ছাত্রশিবির

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) বর্তমান সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রপ্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে বলে আজ শুক্রবার (১ মে) দেশের বেশ কিছু গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়েছে। 

তবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জানিয়েছে এমন সংবাদ ভিত্তিহীন। এমনকি ইসলামী ছাত্রশিবিরে যে কোন পর্যায়ে দায়িত্বে থাকা অবস্থায় অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণ বা প্রার্থী হওয়ার সুযোগ নেই। এমনকি কোনো রাজনৈতিক দল থেকেও তাকে প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়ার সুযোগ নেই।

আজ বিকেলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ডাকসুর জিএস এস এম ফরহাদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এস এম ফরহাদ বলেন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় একজন দায়িত্বশীলকে (সাদেক কায়েম) বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী হিসেবে ঘোষণার সংবাদ কিছু অনলাইন পোর্টালে প্রচার করা হচ্ছে। তিনি বলেন, এ বিষয়ে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ইসলামী ছাত্রশিবিরে যেকোনো পর্যায়ে দায়িত্বে থাকা অবস্থায় অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণ বা প্রার্থী হওয়ার সুযোগ নেই। এমনকি কোনো রাজনৈতিক দল থেকেও তাকে প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়ার সুযোগ নেই।

ইসলামী ছাত্রশিবির থেকে দায়িত্ব শেষ করে বিদায় নেওয়ার পর কেউ কোনো রাজনৈতিক দলে যুক্ত হলে কিংবা নির্বাচনে প্রার্থী হলে সেটি সংশ্লিষ্ট ব্যক্তির ব্যক্তিগত সিদ্ধান্ত। 

বর্তমান সেশনের কোনো দায়িত্বশীলকে নিয়ে এ ধরনের সংবাদে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানান এস এম ফরহাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *