সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার

বান্দরবানে খরস্রোতা সাঙ্গু নদী থেকে পানি তোলার জন্য বসানো পাম্পের পাইপ লাগানোর সময় স্রোতে ভেসে নিখোঁজের দুদিন পর নুরুল আলম (৫২) নামের এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ১১টা ১৫ মিনিটের দিকে সাঙ্গু নদীর পাইনছড়া মুখ এলাকায় মরদেহটি পাওয়া যায়।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, প্রচণ্ড বৃষ্টিতে সাঙ্গু নদীর পানি বৃদ্ধি পেয়েছে। নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় গত মঙ্গলবার রাত ১১টার দিকে জেলা শহরের বাজারের বোটঘাটা এলাকায় পানি তোলার জন্য বসানো পাম্পের পাইপ লাগাতে যান নুরুল আলম। এসময় তিনি স্রোতে ডুবে নিখোঁজ হন। নিখোঁজের ছেলে দেখতে পেয়ে লোকজনদের জানালে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, পুলিশ ও স্থানীয়রা নৌকা নিয়ে চারদিকে খোঁজ করে। কিন্তু কোথাও খোঁজে পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দার বেলাল হোসেন বলেন, রাতের বেলায় সাঙ্গু নদীর বনানী সমিল এলাকায় ভাসমান লাশ দেখতে পায় লোকজন। বিষয়টি স্বজনদের জানালে তারা দ্রুত নৌকা নিয়ে খুঁজতে খুঁজতে স্রোতে ভেসে যাওয়া লাশটি পাইনছড়া খালের মুখ এলাকা থেকে উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বলেন, নিখোঁজ শ্রমিকের লাশ পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে কিছুটা দূরে সাঙ্গু নদীতে ভাসমান অবস্থায় স্থানীয়রা উদ্ধার করেছে। গত মঙ্গলবার তিনি সাঙ্গু নদীতে নিখোঁজ হয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *