সাকিব নষ্ট-পচে যাওয়া মানুষ: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ

ক্রিকেটার সাকিব আল হাসান বাংলাদেশে ফিরে মামলার মুখোমুখি হতে চাইলে তার নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সম্প্রতি রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব আল হাসান জানান, নিরাপত্তার নিশ্চয়তা পেলে তিনি দেশে ফিরে তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর মুখোমুখি হতে চান। এ বিষয়ে সরকারের অবস্থান জানতে চাওয়া হলে তথ্য উপদেষ্টা বিস্তারিত প্রতিক্রিয়া দেন।

সাকিব আল হাসান দেশে ফিরলে বিমানবন্দরে বা অন্য কোথাও তার ওপর কোনো ধরনের হামলা বা মব হওয়ার শঙ্কা তিনি উড়িয়ে দেন। বলেন, সাকিব দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হলে পূর্ণ নিরাপত্তার মধ্য দিয়েই তা হবে।

তবে সাকিবের ব্যক্তিগত অবস্থান নিয়ে কড়া ভাষায় সমালোচনা করেন উপদেষ্টা। বলেন, সাকিব ভালো খেলোয়াড় হলেও ব্যক্তি হিসেবে তিনি নষ্ট, পচে যাওয়া মানুষ। যিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন এবং এখনও আছেন। গত ৫ আগস্টের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সে সময়ও সাকিবের বক্তব্য এসেছিল। যা নিয়ে সরকার উদ্বিগ্ন নয় বলে জানান তিনি।

উপদেষ্টা আরও বলেন, সাকিবের এ ধরনের সাক্ষাৎকার ও বক্তব্যকে তিনি সরকারের বিরুদ্ধে চাপ সৃষ্টির প্রচেষ্টা হিসেবে দেখছেন এবং একে ‘প্রপাগান্ডা’ বলে আখ্যা দেন।

সাকিব ইস্যুর পাশাপাশি শেখ হাসিনার প্রসঙ্গও তোলেন উপদেষ্টা। তিনি জানান, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার কথা বলেছেন বলে তিনি আগেও একাধিকবার উল্লেখ করেছেন। তিনি বলেন, শেখ হাসিনা ফিরলে তিনিও পূর্ণ নিরাপত্তা ও বিচারিক প্রক্রিয়ায় প্রাপ্য সাংবিধানিক অধিকার পাবেন, এবং আদালতের সিদ্ধান্ত সবাইকে মেনে নিতে হবে।

তিনি আরও বলেন, দেশে ভবিষ্যতে কোনো ধরনের ফ্যাসিস্ট মাফিয়া রেজিম আর ফিরতে দেওয়া হবে না। তবে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেশের সবচেয়ে বীভৎস অপরাধীও তার নাগরিক ও সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হবেন না, এ কথা সাকিব ও শেখ হাসিনা উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *