সমালোচনা সত্ত্বেও প্রথম দিনে ‘টক্সিক’ ঝড়, আয় ১৪১ কোটি

মুক্তির আগে থেকেই ছিল ব্যাপক প্রত্যাশা। ইয়াশের প্রত্যাবর্তন, বড় বাজেট ও দীর্ঘ অপেক্ষার পর ‘টক্সিক’ নিয়ে দর্শকের আগ্রহও ছিল তুঙ্গে। তবে মুক্তির পর সিনেমাটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। গল্প, চিত্রনাট্য ও নির্মাণশৈলী নিয়ে সমালোচনাও করছেন অনেকে। সেই সমালোচনার মধ্যেই বক্স অফিসে বড়সড় সূচনা করেছে গীতু মোহনদাস পরিচালিত সিনেমাটি।

২৬ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তির প্রথম দিনেই ভারতে ১০১ কোটি ১০ লাখ রুপি নেট আয় করেছে ‘টক্সিক’। বক্স অফিস ট্র্যাকার স্যাকনিল্কের হিসাব অনুযায়ী, ২৪ হাজার ৫৭৯টি প্রদর্শনী থেকে এই আয় এসেছে। ভারতে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১২০ কোটি ৭৫ লাখ রুপি। আর বিদেশের বাজার থেকে এসেছে আরও প্রায় ২০ কোটি রুপি। ফলে প্রথম দিন শেষে বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় ১৪০ কোটি ৭৫ লাখ রুপি। 

ভারতের বাজারে ভাষাভিত্তিক হিসাবেও ভালো করেছে ‘টক্সিক’। সবচেয়ে বেশি আয় এসেছে হিন্দি সংস্করণ থেকে—প্রথম দিনে ৫৫ কোটি রুপি। কন্নড় সংস্করণ থেকে এসেছে ২৩ কোটি ৩০ লাখ, তেলুগু থেকে ১৬ কোটি, তামিল থেকে ৫ কোটি ৫০ লাখ এবং মালয়ালম সংস্করণ থেকে ১ কোটি ৩০ লাখ রুপি। 

আঞ্চলিক বাজারের মধ্যে কর্ণাটক থেকে এসেছে ৩০ কোটি ৫০ লাখ রুপি। অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা মিলিয়ে আয় ১৮ কোটি ৫০ লাখ, তামিলনাড়ুতে ৬ কোটি ৭৫ লাখ এবং কেরালায় ২ কোটি ২৫ লাখ রুপি। তবে সিনেমাটির সবচেয়ে বড় অবদান এসেছে ভারতের অন্যান্য অঞ্চল থেকে, যেখানে আয় হয়েছে ৬২ কোটি ৭৫ লাখ রুপি।

প্রথম দিনের এই আয় দিয়ে ভারতের ইতিহাসে অন্যতম বড় উদ্বোধনী আয় করা সিনেমার তালিকায় জায়গা করে নিয়েছে ‘টক্সিক’। ১০১ কোটি ১০ লাখ রুপি নেট আয় নিয়ে এটি ‘ধুরন্ধর ২’-এর ১০৩ কোটি রুপির পর ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী আয় করা সিনেমা হিসেবে উঠে এসেছে বলে বক্স অফিস প্রতিবেদনগুলোতে উল্লেখ করা হয়েছে। 

তবে নিজের আগের রেকর্ড ভাঙতে পারেনি ইয়াশের নতুন সিনেমাটি। ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ মুক্তির প্রথম দিনে ভারতে ১১৬ কোটি রুপি নেট আয় করেছিল। অর্থাৎ সেই রেকর্ড থেকে ‘টক্সিক’ প্রায় ১৫ কোটি রুপি পিছিয়ে রয়েছে। বিশ্বব্যাপী উদ্বোধনী আয়েও ‘কেজিএফ: চ্যাপ্টার ২’-এর ১৫৯ কোটি রুপির তুলনায় এগোতে পারেনি নতুন সিনেমাটি। 

অন্যদিকে, সমালোচনা ও মিশ্র দর্শক প্রতিক্রিয়ার মধ্যেও প্রথম দিনে ১০০ কোটি রুপির বেশি আয় করাকে যশের তারকা-ক্ষমতা ও সিনেমাটিকে ঘিরে দর্শকের আগ্রহের বড় প্রমাণ হিসেবেই দেখছেন বাণিজ্য বিশ্লেষকেরা। এখন দ্বিতীয় দিনে সিনেমাটি কতটা দর্শক ধরে রাখতে পারে, সেটিই হয়ে উঠেছে সবচেয়ে বড় প্রশ্ন। 

‘টক্সিক’-এ যশের সঙ্গে অভিনয় করেছেন নয়নতারা, কিয়ারা আদভানি, হুমা কুরেশি, তারা সুতারিয়া, রুক্মিণী বসন্তসহ অনেকে। পাঁচটি ভাষায় মুক্তি পাওয়া সিনেমাটি পরিচালনা করেছেন গীতু মোহনদাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *