সমালোচনার মুখে কমল বিশ্বকাপের যাতায়াত খরচ

আর মাত্র কয়েকদিন পরই শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। আগামী ১১ জুন পর্দা উঠবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই টুর্নামেন্টের। তবে, মাঠের লড়াই শুরুর আগেই সমর্থকদের বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে যাতায়াত খরচ। বিশ্বকাপকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ভেন্যু শহরে ট্রেন ও বাস ভাড়া নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

বিশেষত, নিউইয়র্ক ও নিউজার্সিতে স্টেডিয়ামে যাওয়ার খরচ অনেক বেশি নির্ধারণ করায় ক্ষোভ প্রকাশ করেন সমর্থকরা। শেষ পর্যন্ত সমালোচনার মুখে ভাড়া কমানোর সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

প্রাথমিকভাবে ম্যানহাটন থেকে স্টেডিয়াম পর্যন্ত ট্রেনের টিকিটের দাম ধরা হয়েছিল ১৫০ ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৮ হাজার টাকা। পরে সেই ভাড়া কমিয়ে ৯৮ ডলার করা হয়েছে। এছাড়া শাটল বাসের ভাড়া ৮০ ডলার থেকে কমিয়ে ২০ ডলার নির্ধারণ করা হয়েছে। যদিও সাধারণ সময়ে একই রুটে যাতায়াত খরচ মাত্র ১২ দশমিক ৯০ ডলার।

ইংল্যান্ডের ফুটবল সমর্থক সমিতির নেতা থমাস কনক্যানন এই অতিরিক্ত ভাড়াকে অস্বাভাবিক বলে মন্তব্য করেন। তিনি জানান— আগের বিশ্বকাপগুলোতে, বিশেষ করে কাতার ও রাশিয়ায় সমর্থকদের জন্য যাতায়াত অনেকটাই সহজ ও বিনামূল্যে ছিল। সেই তুলনায় যুক্তরাষ্ট্রে ভক্তদের বাড়তি অর্থ গুনতে হচ্ছে।

নিউজার্সির গভর্নর মাইকি শেরিল আগেই জানিয়েছিলেন, ফিফা ভর্তুকি না দিলে স্থানীয় করদাতাদের অর্থ দিয়ে এই খরচ বহন করা হবে না। পরে বাণিজ্যিক স্পনসরশিপের মাধ্যমে সমাধান হওয়ায় সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ ছাড়াই ভাড়া কমানো সম্ভব হয়েছে।

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হকুল জানিয়েছেন, সাধারণ সমর্থকদের কথা বিবেচনা করেই বাস ভাড়া ৭৫ শতাংশ কমানো হয়েছে। এছাড়া নিউ ইয়র্কের বাসিন্দাদের জন্য ২০ শতাংশ টিকিট সংরক্ষণের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

তবে, সব শহরে একই চিত্র দেখা যাচ্ছে না। বোস্টনের ফক্সবরো স্টেডিয়ামে যাতায়াত করতে সমর্থকদের এখনও স্বাভাবিকের চেয়ে প্রায় ৩০০ শতাংশ বেশি ভাড়া গুনতে হবে। সেখানে ২০ ডলারের টিকিট বিক্রি হচ্ছে ৮০ ডলারে।

অন্যদিকে ফিলাডেলফিয়া ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছে। বিশ্বকাপ চলাকালেও তারা বর্তমান ভাড়া বহাল রাখবে বলে জানিয়েছে। সেখানে যাতায়াত খরচ হবে মাত্র ২ দশমিক ৯০ ডলার। এছাড়া কানসাস সিটিতে বাসের রিটার্ন টিকিট পাওয়া যাবে ১৫ ডলারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *