বিশ্বজুড়ে মার্কিন ভিসা আবেদনকারীদের ইন্টারভিউ ও নতুন অ্যাপয়েন্টমেন্ট স্থগিতের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে মার্কিন সরকার কর্তৃক গৃহীত কঠোর অভিবাসন নীতির অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর রয়টার্সের।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের (স্টেট ডিপার্টমেন্ট) একজন মুখপাত্র জানান, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন দূতাবাস ও কনস্যুলেটগুলোতে কর্মকর্তাদের জন্য একটি বিশেষ ‘গ্লোবাল ট্রেনিং উদ্যোগ’ চালু করা হয়েছে। প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার সুবিধার্থেই ভিসা সার্ভিস অ্যাপয়েন্টমেন্ট সাময়িকভাবে পুনঃনির্ধারণ করা হচ্ছে।
স্টেট ডিপার্টমেন্ট আরও জানায়, এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো কনসুলার কর্মকর্তাদের এমনভাবে প্রস্তুত করা যাতে যেসব আবেদনকারী যুক্তরাষ্ট্রে এসে সরকারি আর্থিক সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছেন, তাদের যথাযথভাবে পর্যালোচনা ও চিহ্নিত করা যায়।
ফিন্যান্সিয়াল টাইমসের বরাতে জানা যায়, ইতোমধ্যেই যাদের ভিসার সাক্ষাৎকার নির্ধারিত ছিল, তাদের ইমেইল পাঠিয়ে অ্যাপয়েন্টমেন্ট বাতিলের কথা জানানো হচ্ছে। পরবর্তীতে নতুন তারিখ দেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে।
এদিকে ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপে বৈধ অভিবাসন প্রক্রিয়াও আরও কঠিন হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন ধরনের কাজের ভিসায় অতিরিক্ত ফি আরোপসহ নানা কড়াকড়ি আরোপ করা হচ্ছে। মানবাধিকার সংস্থাগুলো মার্কিন সরকারের এই কঠোর অভিবাসন নীতির তীব্র সমালোচনা করেছে।