ওটিটি দর্শকদের জন্য চলতি সপ্তাহে মুক্তি পাচ্ছে বেশ কয়েকটি আলোচিত সিনেমা ও সিরিজ। রহস্য, অপরাধ, বিজ্ঞান কল্পকাহিনি, সংগীত ও সামাজিক বাস্তবতার গল্প নিয়ে নির্মিত এসব কনটেন্টের মধ্যে রয়েছে ‘দ্য হুইস্পার ম্যান’, ‘ডার্ক ম্যাটার’-এর দ্বিতীয় মৌসুম, ‘মাইকেল’ ও অনুরাগ কাশ্যপের ‘বান্দর’।
দ্য হুইস্পার ম্যান
অ্যাডাম স্কট ও রবার্ট ডি নিরো অভিনীত এই অপরাধ-রহস্য সিনেমায় এক লেখকের নিখোঁজ ছেলেকে উদ্ধারের গল্প উঠে এসেছে। ছেলে জেক নিখোঁজ হওয়ার পর তার বাবা টম কেনেডি সাহায্য চান নিজের বিচ্ছিন্ন বাবা পিটার উইলিসের কাছে। সাবেক এই পুলিশ কর্মকর্তা বহু বছর আগে ‘দ্য হুইস্পার ম্যান’ নামে পরিচিত এক ভয়ংকর সিরিয়াল কিলারকে গ্রেপ্তার করেছিলেন। এবার নতুন করে শুরু হওয়া শিশু অপহরণের রহস্য সমাধানে তদন্তে নামেন তারা।
মুক্তি:২৮ আগস্ট
প্ল্যাটফর্ম: নেটফ্লিক্স
ডার্ক ম্যাটার—দ্বিতীয় মৌসুম
মাল্টিভার্সের জটিল জগৎ নিয়ে নির্মিত বিজ্ঞান কল্পকাহিনিনির্ভর সিরিজ ‘ডার্ক ম্যাটার’-এর দ্বিতীয় মৌসুমেও থাকছে একাধিক বাস্তবতার গল্প। জেসন, ড্যানিয়েলা ও তাদের ছেলে চার্লির নতুন জীবন শুরুর চেষ্টা, সম্পর্কের টানাপোড়েন এবং ভিন্ন ভিন্ন জগতে চরিত্রদের যাত্রা ঘিরেই এগোবে নতুন মৌসুমের গল্প।
মুক্তি: ২৮ আগস্ট
প্ল্যাটফর্ম:অ্যাপল টিভি প্লাস
মাইকেল
পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবন ও সংগীতজীবন নিয়ে নির্মিত বায়োপিক ‘মাইকেল’। এতে তার শৈশব, ‘জ্যাকসন ৫’-এর সাফল্য, পারিবারিক সম্পর্ক, বিশ্বজোড়া খ্যাতি এবং ব্যক্তিজীবনের নানা আলোচিত অধ্যায় উঠে এসেছে। মাইকেল চরিত্রে অভিনয় করেছেন তার ভাতিজা জাফর জ্যাকসন।
মুক্তি:২৯ আগস্ট
প্ল্যাটফর্ম: জিও-হটস্টার
বান্দর
অনুরাগ কাশ্যপের পরিচালনায় ববি দেওল ও সানিয়া মালহোত্রা অভিনীত ‘বান্দর’ নির্মিত হয়েছে সামাজিক ও আইনি দ্বন্দ্বকে কেন্দ্র করে। সাবেক টেলিভিশন তারকা সমর মেহরার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন তার প্রাক্তন প্রেমিকা গায়ত্রী। নিজেকে নির্দোষ দাবি করা সমর এরপর আইনি লড়াইয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও জনমতের চাপের মুখে পড়েন। একজন মানুষের ব্যক্তিজীবন কীভাবে অভিযোগ, প্রচার ও জনমতের চাপে বদলে যেতে পারে, সেই গল্পই তুলে ধরা হয়েছে সিনেমাটিতে।
মুক্তি: ২৮ আগস্ট
প্ল্যাটফর্ম: জি-ফাইভ
আলফা
শিব রাওয়াইল পরিচালিত ‘আলফা’ একটি হিন্দি ভাষার অ্যাকশন থ্রিলার সিনেমা। যশ রাজ ফিল্মসের ব্যানারে আদিত্য চোপড়া প্রযোজিত সিনেমাটি ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের সপ্তম কিস্তি। এতে অভিনয় করেছেন আলিয়া ভাট, শর্বরী, অনিল কাপুর ও ববি দেওল। সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন সৌমিল শুক্লা, শ্রীধর রাঘবন ও ঈশিতা মৈত্র। মুম্বাই, কাশ্মীর ও স্পেনের ভ্যালাডোলিডে সিনেমাটির শুটিং হয়েছে।
মুক্তি: ২৮ আগস্ট
প্ল্যাটফর্ম: নেটফ্লিক্স