শ্রীপুরে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল

গাজীপুরের শ্রীপুর স্টেশনে ময়মনসিংহগামী বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। তবে ১ নম্বর লাইনে ট্রেনটি আটকে থাকলেও ২ নম্বর লাইন ব্যবহার করায় বিকল্প পথে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

আজ বুধবার (১২ আগস্ট) সকালে ঢাকা-ময়মনসিংহ রেলপথের শ্রীপুর রেলওয়ে স্টেশনে এই যান্ত্রিক ত্রুটির ঘটনা ঘটে। বেলা সাড়ে ১১টা পর্যন্ত ট্রেনটি সেখানে আটকা ছিল।

যাত্রী ও স্টেশন সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা জারিয়াগামী বলাকা এক্সপ্রেস ট্রেনটি সকাল আটটার দিকে শ্রীপুর স্টেশনে প্রবেশ করে। এর পরপরই ট্রেনটির ইঞ্জিনে বড় ধরনের যান্ত্রিক ত্রুটি দেখা দিলে যাত্রা থমকে যায়। এতে ট্রেনের শত শত যাত্রী বিপাকে পড়েন। অনেকে বিকল্প উপায়ে ভেঙে ভেঙে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলেও জারিয়ামুখী দূরপাল্লার যাত্রীরা আটকা পড়েছেন।

আটকেপড়া যাত্রী রহিম উদ্দিন বলেন, সকালে ঢাকা থেকে রওনা হয়ে শ্রীপুরে আসার পর ট্রেন বন্ধ হয়ে যায়। বিকল্প পথ না থাকায় অনেক যাত্রী ঘণ্টার পর ঘণ্টা স্টেশনে অনিশ্চয়তার মধ্যে অপেক্ষা করছেন।

বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার শামীমা জাহান বলেন, ট্রেনটির ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় সেটি স্টেশনে আটকে আছে। ইতোমধ্যে রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে। ঢাকা বা অন্য কোনো স্টেশন থেকে বিকল্প ইঞ্জিন এসে পৌঁছালে ট্রেনটি পুনরায় গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *