শেখ হাসিনাসহ ৩৪ জনের অভিযোগ গঠনের শুনানি পেছাল

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ট্রাক চালক হোসেন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ২১ মে পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।

আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম এই নতুন দিন নির্ধারণ করেন।

এদিন মামলাটির অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল। সকালে সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক সংসদ সদস্য সাদেক খানকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শুনানির শুরুতে আসামিপক্ষে সময়ের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করে পরবর্তী তারিখ নির্ধারণ করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলনের সময় মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন ট্রাক চালক মো. হোসেন। গাবতলীতে ট্রাক রেখে বাসায় ফেরার পথে তিনি গুলিতে প্রাণ হারান। এ ঘটনায় ওই বছরের ৩১ আগস্ট নিহতের মা রীনা বেগম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা করেন।

পরবর্তীতে ২০২৫ সালের ২৩ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) আকরামুজ্জামান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। বর্তমানে মামলাটি বিচারের জন্য বিশেষ জজ আদালতে প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *