রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর হত্যাকাণ্ডের শিকার শিশু রামিসার ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। আজ শনিবার (২৩ মে) পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
জসীম উদ্দিন খান জানান, সিআইডির পক্ষ থেকে ভুক্তভোগী রামিসার মরদেহের ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। আজ সিআইডির ফরেনসিক ইউনিট থেকে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) অহিদুজ্জামান ভুঁইয়া নিপুন গুরুত্বপূর্ণ এসব ফরেনসিক রিপোর্ট সংগ্রহ করেন।
তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গুরুত্বপূর্ণ এসব ফরেনসিক রিপোর্ট হাতে পাওয়ায় মামলার তদন্ত কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। এখন অভিযোগপত্র প্রস্তুতের কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে আগামীকাল রোববার আদালতে এ মামলার অভিযোগপত্র দাখিল করা হতে পারে।
নথি থেকে জানা গেছে, গত ১৯ মে সকালে মিরপুরের পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে শিশু রামিসার মস্তকবিহীন দেহ এবং পরে বাথরুম থেকে খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পল্লবী থানায় একটি হত্যা মামলা করা হয়। ঘটনাস্থল থেকে প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করা হয়। পরে সোহেলকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করে পুলিশ।
আসামি সোহেল এরপর শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেন।