শিশু ধর্ষণের ঘটনায় থানা ঘেরাও, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি

বান্দরবানের থানচিতে ত্রিপুরা সম্প্রদায়ের পাঁচ বছর বয়সী এক শিশু ধর্ষণের ঘটনায় চরম উত্তেজনা দেখা দিয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিজয় বড়ুয়া (১৬) নামে এক কিশোরকে আটক করে থানচি থানা পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। ধর্ষণের খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত স্থানীয় জনতা ধর্ষকের কঠোর শাস্তির দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) যৌথভাবে কাজ করে। আজ রোববার (২৪ মে) দুপুরে এই ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল শনিবার (২৩ মে) দুপুরে থানচি উপজেলার সদর ইউনিয়নের নতুন পাড়া এলাকায় সবজি বিক্রেতা বিজয় বড়ুয়া প্রতিবেশী ত্রিপুরা সম্প্রদায়ের ওই ৫ বছরের শিশুকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে। রাতে ঘুমাতে যাওয়ার সময় শিশুটি তীব্র যন্ত্রণায় কাঁদলে পরিবারের কাছে ঘটনাটি খুলে বলে। এরপর শিশুটির মা-বাবা বিজয় বড়ুয়ার কাছে এই বিষয়ে জানতে চাইলে সে কোনো সদুত্তর দিতে পারেনি।

আজ রোববার সকালে ধর্ষণের ঘটনাটি পুরো এলাকায় জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্ত বিজয় বড়ুয়াকে নিজ বাড়ি থেকে আটক করে থানায় সোপর্দ করে। অভিযুক্ত বিজয় থানচি সদরের নতুন পাড়া এলাকার বাসিন্দা। এদিকে এক আদিবাসী শিশুকে ধর্ষণের খবর ছড়িয়ে পড়লে শত শত উত্তেজিত মানুষ থানার সামনে এসে হট্টগোল শুরু করে এবং সকাল থেকে দীর্ঘক্ষণ থানা ঘেরাও করে রাখে। পরবর্তীতে বিজিবি, পুলিশ ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সুষ্ঠু বিচারের আশ্বাসে উত্তেজিত জনতা ঘেরাও কর্মসূচি প্রত্যাহার করে নেয়।

থানচি সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অংপ্রু ম্রো বলেন, নতুন পাড়া এলাকায় ৫ বছরের এক ত্রিপুরা কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত বিজয় বড়ুয়াকে ইতোমধ্যে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। উত্তেজিত জনতা থানা ঘেরাও করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশকে সহায়তার জন্য বিজিবি মোতায়েন করা হয়।

বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার জানান, ত্রিপুরা সম্প্রদায়ের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক বড়ুয়া কিশোরকে আটক করা হয়েছে এবং এই ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে থানা এলাকায় কিছুটা হট্টগোল করলেও বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ শান্ত ও আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। ভুক্তভোগী শিশুকে প্রয়োজনীয় চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *