শিশু ও নারীর নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে : নূরুন্নিসা সিদ্দীকা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি ও সংরক্ষিত সংসদ সদস্য নূরুন্নিসা সিদ্দীকা বলেছেন, সমাজে নৈতিক অবক্ষয় ভয়াবহ রূপ ধারণ করেছে এবং শিশু ও নারীর নিরাপত্তা আজ মারাত্মক হুমকির মুখে।

রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসা আক্তারকে নৃশংসভাবে হত্যা প্রতিবাদ জানিয়ে দেওয়া এক বিবৃতিতে নূরুন্নিসা সিদ্দীকা এসব কথা বলেন। আজ বুধবার (২০ মে) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। বিবৃতিতে এই নৃশংস, অমানবিক ও পৈশাচিক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ তিনি।

নূরুন্নিসা সিদ্দীকা বলেন, একটি শিশু, যে ছিল পরিবারের স্বপ্ন, সমাজের ভবিষ্যৎ- তাকে এভাবে হত্যা করা শুধু একটি পরিবারের নয়, সমগ্র জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। এ ধরনের ঘটনা প্রমাণ করে, সমাজে নৈতিক অবক্ষয় ভয়াবহ রূপ ধারণ করেছে এবং শিশু ও নারীর নিরাপত্তা আজ মারাত্মক হুমকির মুখে।

নূরুন্নিসা সিদ্দীকা বলেন, দেশে শিশু ও নারী নির্যাতন ক্রমবর্ধমান হারে বাড়ছে। গণমাধ্যমের বরাতে জানা যায়, গত ৯ দিনে পাঁচ শিশু হত্যার ঘটনা ঘটেছে, যার মধ্যে চারজনই ধর্ষণের শিকার। ধর্ষণ ও হত্যার মত জঘন্য অপরাধের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে হলে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি সমাজে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হবে। অপরাধীদের রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনা না করে দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ এই দাবি জানাচ্ছে যে– দোষীকে দ্রুত বিশেষ ট্রাইব্যুনালে বিচার করতে হবে। দোষীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে এবং সারা দেশে নারী ও শিশু নিরাপত্তা জোরদার করতে হবে।

সেইসঙ্গে রামিসার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান মহিলা বিভাগের সেক্রেটারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *