মাত্র তিন বছর বয়সে ক্যামেরার সামনে দাঁড়িয়ে অভিনয়ে হাতেখড়ি। এরপর বিজ্ঞাপন, নাটক ও সিনেমায় শিশুশিল্পী হিসেবে কাজ করেছেন বিদুষী বর্ণিতা। দীর্ঘ বিরতির পর এবার কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের মাধ্যমে নতুনভাবে দর্শকের সামনে হাজির হচ্ছেন তিনি।
এবারের লাক্স সুপারস্টার চ্যাম্পিয়ন বর্ণিতার অভিনয়ের নতুন অধ্যায় শুরু হচ্ছে ওয়েব ফিল্ম দিয়ে। শিহাব শাহীন পরিচালিত ‘ক্যাফে আমব্রেলা’র ‘নিউলি ম্যারেড’ গল্পে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তিনি। এতে তার বিপরীতে রয়েছেন অভিনেতা তৌসিফ মাহবুব।
নতুন কাজটি নিয়ে বেশ উচ্ছ্বসিত বর্ণিতা। প্রায় দুই মাস রিহার্সেল করার পর শুরু হয় শুটিং। এরই মধ্যে ওয়েব ফিল্মটির প্রায় ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন তিনি। তার কাছে এই কাজটি শুধু অভিনয়ের সুযোগ নয়, বরং নিজের অভিনয়কে নতুনভাবে আবিষ্কারের একটি যাত্রা।
অভিজ্ঞ নির্মাতা শিহাব শাহীন ও অভিনেতা তৌসিফ মাহবুবের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাকেও বিশেষভাবে দেখছেন বর্ণিতা। বিশেষ করে তৌসিফের সহযোগিতার কথা উল্লেখ করে তিনি জানান, সংলাপ বলা, অভিব্যক্তি ও চরিত্রের বিভিন্ন দিক নিয়ে তৌসিফ তাকে পরামর্শ দিয়েছেন।
তবে অভিনয়ের জগতে বর্ণিতার পথচলা বেশ পুরোনো। ২০০৯ সালে শিশুশিল্পী হিসেবে বিজ্ঞাপনে কাজ শুরু করেন তিনি। পরবর্তী সময়ে অসংখ্য বিজ্ঞাপন ও নাটকে অভিনয় করেন। নাসির উদ্দীন ইউসুফ পরিচালিত ‘গেরিলা’ সিনেমাতেও শিশুশিল্পী হিসেবে দেখা গেছে তাকে।
কিশোর বয়সে নিয়মিত কাজের জন্য অডিশন দিতে গিয়ে একপর্যায়ে নানা প্রত্যাখ্যানের মুখোমুখি হন বর্ণিতা। পরিচিত মুখ ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবশালীরা সহজে সুযোগ পাচ্ছেন—এমন অভিজ্ঞতা তাকে নতুনভাবে ভাবতে বাধ্য করে। পরে লাক্স সুপারস্টার প্রতিযোগিতায় অংশ নিয়ে সাফল্য পান তিনি।
অভিনয়ের পাশাপাশি বই পড়া ও সিনেমা দেখা তার পছন্দের কাজ। প্রিয় লেখকদের তালিকায় রয়েছেন ফ্রাঞ্জ কাফকা। অভিনয়শিল্পীদের মধ্যে জয়া আহসান, মেহজাবীন চৌধুরী, বিপাশা হায়াত, অপি করিম ও আফসানা মিমিকে পছন্দ করেন তিনি। পুরুষ অভিনয়শিল্পীদের মধ্যে আফরান নিশো ও প্রীতম হাসানের কাজও তার ভালো লাগে।
ভবিষ্যতে অভিনয়েই নিজেকে প্রতিষ্ঠিত করতে চান বর্ণিতা। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার স্বপ্নও রয়েছে তার। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দায় কাজ করার ইচ্ছা রয়েছে। এরই মধ্যে নির্মাতা রায়হান রাফীর একটি সিনেমা নিয়েও তার সঙ্গে আলোচনা চলছে।
সব মিলিয়ে শিশুশিল্পী হিসেবে শুরু করা বর্ণিতার পথচলায় এখন যোগ হয়েছে নতুন পরিচয়—কেন্দ্রীয় চরিত্রের অভিনেত্রী। আর এই নতুন অধ্যায় দিয়েই নিজের অভিনয়জীবনকে অন্য উচ্চতায় নিয়ে যেতে চান তিনি।
এসএন/পিডিকে