হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনটি পৃথক অভিযানে চালিয়ে বিপুল পরিমাণ সিগারেট, আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিমসহ বিদেশি মদ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি)। যার শুল্ক-করসহ সম্মিলিত মূল্য এক কোটি ৭৮ লাখ ছয় হাজার ৮৬০ টাকা।
সোমবার (১৭ আগস্ট) রাতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, চোরাচালান ও অবৈধ আমদানি প্রতিরোধে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিআইআইডি তিনটি পৃথক অভিযানে ৩৪৯ কার্টুন বিদেশি সিগারেট, ৩৮০ কেজি আমদানি নিষিদ্ধ ক্রিম ও এক লিটার বিদেশি মদ জব্দ করা হয়েছে। তথ্য মতে, পণ্যগুলোর সম্মিলিত শুল্কায়নযোগ্য/বাজারমূল্য ৯০ লাখ ১৬ হাজার টাকা। পণ্যগুলোর প্রযোজ্য শুল্ক-কর ৮৭ লাখ ৯০ হাজার ৮৬০ টাকা। সে হিসাবে শুল্ক-করসহ জব্দ পণ্যের সম্মিলিত মূল্য এক কোটি ৭৮ লাখ ৬ হাজার ৮৬০ টাকা।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সার্কেলের এ-শিফট দুবাই থেকে আগত একটি ফ্লাইটে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে তিন যাত্রীর কাছ থেকে ১৭০ কার্টুন সিগারেট, ৯ কেজি নিষিদ্ধ ক্রিম এবং এক লিটার বিদেশি মদ জব্দ করা হয়। জব্দ সিগারেটের শুল্কায়নযোগ্য মূল্য ছয় লাখ ৮০ হাজার টাকা এবং ৬২১ শতাংশ হারে প্রযোজ্য শুল্ক-কর ৪২ লাখ ২২ হাজার ৮০০ টাকা। বিদেশি মদের শুল্কায়নযোগ্য মূল্য ২০ হাজার টাকা এবং ৬১০ দশমিক ৩০ শতাংশ শুল্ক-কর এক লাখ ২২ হাজার ৬০ টাকা। এ ছাড়া নিষিদ্ধ ক্রিমের বাজারমূল্য এক লাখ ৮০ হাজার টাকা। অভিযানে জব্দ পণ্যের শুল্ক-করসহ মোট মূল্য ৫২ লাখ ২৪ হাজার ৮৬০ টাকা।
একইদিনে দুবাই থেকে আগত আরেক ফ্লাইটে অভিযান চালায় সিআইআইডির এ-শিফট। বিভিন্ন যাত্রীর কাছ থেকে জব্দ করা হয় ১৭৯ কার্টুন সিগারেট এবং ৫২ কেজি নিষিদ্ধ ক্রিম। সিগারেটের শুল্কায়নযোগ্য মূল্য সাত লাখ ১৬ হাজার টাকা। যা ৬২১ শতাংশ প্রযোজ্য শুল্ক-কর ৪৪ লাখ ৪৬ হাজার ৩৬০ টাকা। নিষিদ্ধ ক্রিমের শুল্কায়নযোগ্য মূল্য ১০ লাখ ৪০ হাজার টাকা। অভিযানে জব্দ পণ্যের শুল্ক-করসহ মোট মূল্য ৬২ লাখ ২ হাজার ৩৬০ টাকা। এদিন গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের ফরেন পোস্ট অফিসে পৃথক অভিযান চালিয়ে একসঙ্গে ৩১৯ কেজি আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম জব্দ করা হয়ছে। এই চালানটিরই বাজারমূল্য ৬৩ লাখ ৮০ হাজার টাকা। এ ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।