শাহজালালে গোল্ডপেস্ট-সিগারেটসহ দুই কোটি ৭৩ লাখ টাকার পণ্য জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত কয়েকদিন ধারাবাহিক অভিযান চালিয়ে গোল্ডপেস্ট, ভ্যাপ ও ভ্যাপ লিকুইড, মোবাইল ফোন, সিগারেট, মিল্ক পাউডার ও ক্রিম, ঔষধ, মদসহ বিভিন্ন পণ্য জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। জব্দ করা এসব পণ্যের বাজারমূল্য প্রায় দুই কোটি ৭৩ লাখ টাকা। শুক্রবার (২১ আগস্ট) রাতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুবাই থেকে আগত ফ্লাইদুবাই ফ্লাইটের এক যাত্রীকে গ্রিন চ্যানেল অতিক্রমকালে তল্লাশি করা হয়। পরে তার কাছ থেকে বিভিন্ন মডেলের আইফোন ও পিক্সেল ফোন, ১৬১ কার্টুন মন্ড সিগারেট, সিরামসহ ২টি ল্যাপটপ পাওয়া যায়। একইদিনে আরেক ফ্লাইটের যাত্রীদের লাগেজ তল্লাশি করে বিদেশি মদ, ভ্যাপ লিকুইড ও সিগারেট জব্দ করা হয়। এসব অভিযানে জব্দ করা পণ্যের বাজারমূল্য প্রায় ১৪ লাখ ২০ হাজার টাকা।

এর আগে ২০ আগস্ট দুবাই ও বাহরাইন থেকে আগত পৃথক পৃথক ফ্লাইটের তিন যাত্রীর কাছ থেকে ২১ কার্টুন সিগারেট, ৬৯ কেজি নিষিদ্ধ ক্রিম, ২৯ কেজি ৪ গ্রাম মিল্ক পাউডার এবং ১১৬ পিস ক্রিম জাতীয় ঔষধ জব্দ করা হয়।  এসব জব্দ পণ্যের শুল্ক-করসহ মোটমূল্য প্রায় ২৮ লাখ ৫১ হাজার ৬৪০ টাকা। একইদিনে পৃথক আরও অভিযানে বিভিন্ন যাত্রীর লাগেজ তল্লাশি করে ৮৩ কার্টুন সিগারেট, ১৯৮পিস ভ্যাপ, ১০টি রেডমি নোট ১৫ মোবাইলফোন, ৩৬ কেজি গৌরি ক্রিম, ৪ লিটার বিদেশি মদসহ সাবানসহ অন্যান্য পণ্য জব্দ করা হয়। এসব পণ্যের বাজার মূল্য প্রায় ৮০ লাখ ৮৭ হাজার টাকা।

এর আগে গত ১৮ আগস্ট  শ্রীলঙ্কান এয়ারলাইন্সের এক ফ্লাইটের এক যাত্রীকে গ্রিন চ্যানেল অতিক্রমকালে তল্লাশি করে বিভিন্ন মডেলের আইফোন ও রেডমিফোন, আইফোনের এসকেডি ফন্ট ও বেক অংশ এবং দুই হাজার ৪৮২ পিস বিদেশি ঔষধ জব্দ করা হয়। এসব পণ্যের বাজারমূল্য প্রায় ৫৪ লাখ ২ হাজার টাকা। অন্যদিকে গত ১৭ আগস্ট দুবাই থেকে আগত ফ্লাইটের এক যাত্রীর লাগেজ তল্লাশি করে ৮৮১ গ্রাম স্বর্ণসদৃশ পেস্ট জব্দ করা হয়। স্বর্ণকারের মাধ্যমে যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করার পর তা থেকে ৪৬১ গ্রাম স্বর্ণপিণ্ড পাওয়া যায়। একইসঙ্গে ৮ কেজি নিষিদ্ধ গৌরি ক্রিম ও ১৪ কার্টুন মন্ড সিগারেট জব্দ করা হয়। জব্দ করা পণ্যের শুল্ক-করসহ মোট বাজার মূল্য প্রায় ৯৫ লাখ ৩৫ হাজার টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *