শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে করা মামলায় অভিনেত্রী তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়িয়েছেন আদালত। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন এই আদেশ দেন।
এদিন তিশার পক্ষে তার আইনজীবী নিহার হোসেন ফারুক জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদন করেন।
তিশার আইনজীবী নিহার হোসেন ফারুক গণমাধ্যমকে বলেন, আজ অভিযোগ গঠনের শুনানির দিন ছিলে। আদালতে শুনানির জন্য সময়ের আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক সময়ের আবেদন মঞ্জুর করে নতুন দিন ঠিক করেন।
নথি থেকে জানা গেছে, অনলাইন ফ্যাশন পেইজ ‘অ্যাপোনিয়া’ থেকে ২৮ হাজার ৮০০ টাকা দামের একটি শাড়ি নিয়েছিলেন তানজিন তিশা। শাড়িটি পরে পেজটির প্রচারে অংশ নেওয়া ও এর দাম পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। পরে তিনি যোগাযোগ বন্ধ করে দেন বলে বাদীপক্ষের অভিযোগ।
অ্যাপোনিয়ার প্রশাসক আমিনুল ইসলাম ২০২৫ সালের নভেম্বরে তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে আদালতে এই মামলা করেন।
বাদীর জবানবন্দি গ্রহণের পর আদালত ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দিতে ডিবি পুলিশকে নির্দেশ দেন।
তদন্ত শেষে তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা উল্লেখ করে আদালতে প্রতিবেদন দাখিল করে ডিবি।
পরে ওই প্রতিবেদন আমলে নিয়ে তাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়। সমনের পরে বিগত ১৩ আগস্ট আদালতে আত্মসমর্পণের পর তিশার পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী নিহার হোসেন ফারুক।