লেবাননে ইসরায়েলি হামলায় পরিবার নিশ্চিহ্নের অভিযোগ অ্যামনেস্টির

লেবাননে ইসরায়েলি হামলায় পুরো পরিবার নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি এসব হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে তদন্তের আহ্বান জানিয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিভাগের উপ-আঞ্চলিক পরিচালক ক্রিস্টিন বেকারলে বলেন, মাত্র এক সপ্তাহের মধ্যে ইসরায়েলি সামরিক অভিযানে লেবাননে কয়েকটি পরিবার পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে শিশুরাও রয়েছে।

তিনি অভিযোগ করেন, এসব ঘটনায় বেসামরিক মানুষের জীবন রক্ষার বিষয়টি যথাযথ গুরুত্ব পায়নি।

ক্রিস্টিন বেকারলে আরও বলেন, রাষ্ট্রগুলোকে ইসরায়েলের ওপর অবিলম্বে পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করতে হবে এবং হামলার জন্য দায়ীদের বিরুদ্ধে তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে।

অ্যামনেস্টির সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করেছে। সংস্থাটির দাবি, হামলার সময় বেসামরিক ব্যক্তি ও সামরিক লক্ষ্যবস্তুর মধ্যে পার্থক্য বজায় রাখা হয়নি, বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এবং ক্ষয়ক্ষতি কমাতে প্রয়োজনীয় সতর্কতা নেওয়া হয়নি।

তবে ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের সামরিক অভিযান নিরাপত্তাজনিত লক্ষ্যকে কেন্দ্র করে পরিচালিত হয় এবং বেসামরিক হতাহত এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *