সিরিজ নিশ্চিত হওয়ার পর তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের লক্ষ্য অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করা। এমন ম্যাচে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের চতুর্থ বলেই উইকেট বিলিয়ে দেন সৌম্য সরকার। ৪ বলে ২ রান করে হাভিয়ের বার্টলেটের বলে বোল্ড হন তিনি।
দ্বিতীয় উইকেটে নাজমুল হোসেন শান্ত ও তানজিদ তামিম মিলে ৫১ রানের জুটি গড়েন। ৫০ বলে ২৪ রান করে ম্যাট রেনশোর বলে বোল্ড হন শান্ত। তৃতীয় ব্যাটার হিসেবে সাজঘরে ফেরেন তামিম, রেনশোকে উইকেট বিলিয়ে দেন তিনি। ২০ বলে ১৯ রান আসে তামিমের ব্যাট থেকে।
৬১ রানে তিন উইকেট হারিয়ে ব্যাকফুটে যাওয়া বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন লিটন দাস ও তাওহিদ হৃদয়। এই জুটির ব্যাট থেকে ইতোমধ্যে ৭৯ রান এসেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৮ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৪০।
মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আজ রোববার (১৪ জুন) টস জিতে ব্যাটিং নেয় বাংলাদেশ। চোটের কারণে দলে নেই ওয়ানডের নিয়মিত অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আজ বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন শান্ত।
একাদশে দুই পরিবর্তন এনেছে স্বাগতিকরা। মিরাজের পরিবর্তে সুযোগ পেয়েছেন স্পিন অলরাউন্ডার শেখ মেহেদী। আর বিশ্রাম দেওয়া হয়েছে নাহিদ রানাকে। পেস ইউনিটে যুক্ত হয়েছেন শরীফুল ইসলাম।