লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে মহিন উদ্দিন (৩০) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটকের পর তিনি নিজেই নিজ বসতঘর থেকে একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড কার্তুজ ও একটি ম্যাগাজিন বের করে ডিবি পুলিশের হাতে তুলে দেন।
গতকাল বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে চন্দ্রগঞ্জ উপজেলার বশিকপুর ইউনিয়নের নন্দীগ্রামের গোলাম রহমান হাজী বাড়ি থেকে মহিনকে আটক করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ নন্দীগ্রাম এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত মহিনকে আটক করে। পরে তিনি নিজ হাতেই ঘর থেকে একটি বিদেশি পিস্তল, কার্তুজ ও ম্যাগাজিন বের করে দেন। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
গত ১৮ আগস্ট একই ইউনিয়নের পোদ্দার বাজার এলাকায় অভিযান চালিয়ে পিচ্চি নিশান নামে এক যুবককে একটি পিস্তল, ১২ রাউন্ড কার্তুজ ও একটি ফোল্ডিং নাইফসহ গ্রেপ্তার করেছিল র্যাব। র্যাবের ভাষ্যমতে, উদ্ধার হওয়া ওই পিস্তলটি জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া অস্ত্র ছিল।