মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা অসহায় রোগীদের টার্গেট করা একটি সক্রিয় দালালচক্রের বিরুদ্ধে অভিযান চালিয়েছে র্যাব-৪ ও জেলা প্রশাসন। অভিযানে চক্রের ১২ জন সদস্যকে আটক করে প্রত্যেককে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ শুক্রবার (১ মে) সকালে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় সরকারি হাসপাতাল সংলগ্ন বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার ঘিরে এই ঝটিকা অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদ আলী শাহরিয়ার অভিযানে নেতৃত্ব দেন। এসময় র্যাব-৪, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মেজর সাদমানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
আটকদের মধ্যে ৮ জন নারী ও ৪ জন পুরুষ রয়েছেন। সরকারি হাসপাতালে আসা রোগীদের বিভ্রান্ত করা এবং বেসরকারি ক্লিনিকে নেওয়ার মাধ্যমে প্রতারণার অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযোগ রয়েছে, এই দালাল চক্রটি সরকারি হাসপাতালে আসা সাধারণ রোগীদের ভালো চিকিৎসার প্রলোভন দেখিয়ে বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে নিয়ে যেত। এতে রোগীরা সঠিক সেবা থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি অতিরিক্ত অর্থ ব্যয় করে আর্থিক ক্ষতির শিকার হতেন।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদ আলী শাহরিয়ার জানান, সরকারি হাসপাতালে চিকিৎসা সেবার মান বজায় রাখতে এবং সাধারণ মানুষের আস্থা বাড়াতে দালালদের দৌরাত্ম্য বন্ধ করা জরুরি। জনস্বার্থে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।