নারায়ণগঞ্জের রূপগঞ্জের সামাজিক সংগঠন ‘ফ্রেন্ডস সার্কেল রূপগঞ্জ’র উদ্যোগে জাঁকজমকপূর্ণ বার্ষিক মিলনমেলা, কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা সভা এবং পুরস্কার প্রদান অনুষ্ঠান হয়েছে। গতকাল শনিবার (১৩ জুন) দিনব্যাপী নানা আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
সংগঠনের সভাপতি মেহেরউল্লাহ মিয়ার সভাপতিত্বে এবং নাগরিক টিভির সাংবাদিক মাহবুব আলম প্রিয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ আহমেদ টুটুল, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন ও সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু।
অনুষ্ঠানে অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আবু মোহাম্মদ মাসুম, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ শামীম ভূঁইয়া, দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট হেলাল উদ্দিন সরকার, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূঁইয়া, সংগঠনের সহ-সভাপতি ও পূর্বাচল নিঝুম পল্লি রিসোর্টের চেয়ারম্যান আবুল হোসেন, সংগঠনের প্রতিষ্ঠাতা আনোয়ার সাদাত জুয়েল, সাধারণ সম্পাদক খোরশিদ আলম এবং সহ-সভাপতি হাবিবউল্লাহসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানের আকর্ষণীয় পর্ব হিসেবে রূপগঞ্জের অভ্যন্তরীণ তথ্যনির্ভর বিভিন্ন প্রশ্ন নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সফল উত্তরদাতাদের পুরস্কৃত করা হয়। এছাড়া বিশ্বকাপ ফুটবলে ‘ব্রাজিল বনাম আর্জেন্টিনা’ এবং ‘নারী-পুরুষ’ বিষয়ক পক্ষ-বিপক্ষের যুক্তি নিয়ে একটি প্রাণবন্ত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে শ্রেষ্ঠ বক্তা ও বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন অতিথিরা। অনুষ্ঠানের শেষাংশে একটি আকর্ষণীয় লটারি ড্র অনুষ্ঠিত হয় এবং লটারিতে বিজয়ীদের মাঝে বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয়।