নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভা এলাকার তেতলাব গ্রামে অভিযান চালিয়ে ইয়াবা, বিদেশি মদ ও মাদক বিক্রির নগদ টাকাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার (২৩ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে। আটকরা হলেন তারাবো পৌরসভার বাসিন্দা সুলতান, নয়ন মিয়া ও রাজ রায়হান রাব্বি।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, তারাবো পৌরসভার তেতলাব এলাকায় একটি চিহ্নিত মাদক কারবারি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে অবৈধ মাদক কেনাবেচা ও সরবরাহ করে আসছিল। শনিবার রাতে সেখানে মাদকের একটি বড় চালান হাতবদল হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানা পুলিশ ওই এলাকায় ছদ্মবেশে অবস্থান নেয়। পরবর্তীতে মাদক চক্রের মূল আস্তানাটি ঘেরাও করে এই তিনজনকে হাতেনাতে আটক করতে সক্ষম হয় পুলিশ।
অভিযানকালে আটকদের হেফাজত থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ২০ বোতল বিভিন্ন নামী ব্র্যান্ডের বিদেশি মদ এবং মাদক বিক্রির নগদ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়।
ওসি এএইচএম সালাউদ্দিন আরও জানান, আটকদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।